• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

উত্তরাখণ্ডে সেতু থেকে গভীর খাদে পড়লো বাস, নিহত ৮

প্রকাশিত: ১১:০৮, ১৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১১:১০, ১৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
উত্তরাখণ্ডে সেতু থেকে গভীর খাদে পড়লো বাস, নিহত ৮

ভারতের উত্তরাখণ্ডের তেহরি গাড়ওয়াল জেলায় সেতু থেকে প্রায় ১০০ মিটার গভীর খাদে যাত্রীবাহী একটি বাস পড়ে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বাসটিতে প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে গুলার বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। হরিদ্বার থেকে চামোলির দিকে যাওয়ার পথে গুলার সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নিচের গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন উদ্ধারকর্মীরা। খাদে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে অভিযান চালানো হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, আহত প্রায় ২০ জনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাতে বাইয়াসি ও ঢালওয়ালা এলাকার স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এসডিআরএফ) দল মোতায়েন করা হয়। তেহরির জেলা ম্যাজিস্ট্রেট নিতিকা খান্ডেলওয়াল ও জ্যেষ্ঠ পুলিশ সুপার শ্বেতা চৌবেসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম তদারক করতে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন।

এদিকে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এদিকে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় পৃথক এক সড়ক দুর্ঘটনায় বলেরো গাড়ি গভীর খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে বানসওয়াড়া-মোহনখাল মোটর সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও কয়েকজন।

পুলিশ জানায়, গাড়িটি পোখরি থেকে রানসির দিকে যাচ্ছিল। পথে ভাটওয়ারি-কান্দারা এলাকার কাছে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়।

নিহত ব্যক্তিরা হলেন কুয়াঁর সিং (৬০), মদন সিং (৪০), সুরজ সিং (৪২) ও বলবীর সিং (৭০)। আহতদের মধ্যে রয়েছেন উম্মেদ সিং (৫২), রাজেন্দ্র সিং (৫৬), লাভিশ রানা (২৫), বংশিকা (৮), উর্মিলা দেবী (৩৩) ও পূজা দেবী (৩৪)।

রাত ১০টার দিকে জরুরি সেবা নম্বর ১১২-তে দুর্ঘটনার খবর জানানো হয়। গাড়িটিতে প্রায় ৯ থেকে ১০ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

খবর পেয়ে রুদ্রপ্রয়াগের সার্কেল কর্মকর্তার তত্ত্বাবধানে আগস্ত্যমুনি থানার পুলিশ, এসডিআরএফ, জেলা দুর্যোগ মোকাবিলা বাহিনী (ডিডিআরএফ) ও ১০৮ অ্যাম্বুলেন্স সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। রাতভর অভিযানে খাদে আটকে পড়া সবাইকে উদ্ধার করা হয়।

সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

বিভি/এনডিটিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত