• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ট্রাম্পের মনোনীত বিচারকের নিয়োগ আটকে দিলেন রিপাবলিকান সিনেটর

প্রকাশিত: ২৩:৫৫, ১৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ট্রাম্পের মনোনীত বিচারকের নিয়োগ আটকে দিলেন রিপাবলিকান সিনেটর

সিনেটর জন কর্নিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত এক ফেডারেল বিচারকের নিয়োগ প্রক্রিয়া আটকে দিয়েছেন নিজ দলেরই সিনেটর জন কর্নিন। টেক্সাসের বিচারক পদে অঙ্গরাজ্যের বাইরের কাউকে মনোনয়ন দেওয়ার বিরোধিতা করে এ পদক্ষেপ নিয়েছেন টেক্সাসের রিপাবলিকান এই সিনেটর।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্র্যাটরা সিনেটের দায়িত্ব নেওয়ার আগেই ফেডারেল আদালতের শূন্য পদগুলো পূরণ করতে চায় ট্রাম্প প্রশাসন। এ কারণে মনোনীত বিচারকদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে শেষ মুহূর্তে কর্নিনের আপত্তিতে টি. এলিয়ট গেইজারের মনোনয়ন আটকে গেছে।

গেইজারকে টেক্সাসের একটি ফেডারেল বিচারক পদে মনোনয়ন দিয়েছিলেন ট্রাম্প। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ‘অফিস অব লিগ্যাল কাউন্সেল’-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে তার বাড়ি ওহাইও অঙ্গরাজ্যে।

টেক্সাসের বিদায়ি সিনেটর জন কর্নিন বুধবার সিএনএনকে জানান, গেইজারের মনোনয়ন বিবেচনার জন্য তিনি সিনেট জুডিশিয়ারি কমিটির কাছে ‘ব্লু স্লিপ’ জমা দেননি। এর মাধ্যমে নিজ অঙ্গরাজ্যের বিচারক পদে বাইরের কাউকে মনোনয়নের ক্ষেত্রে আপত্তি জানানোর প্রচলিত সিনেট প্রথা প্রয়োগ করেছেন তিনি।

কর্নিন বলেন, বিচারিক অভিজ্ঞতা নেই এবং যথাযথ যাচাই-বাছাই হয়নি, এমন কাউকে টেক্সাসের ওপর চাপিয়ে দেওয়া তিনি মেনে নিতে পারেন না। এ পদের জন্য হোয়াইট হাউসকে বিকল্প একজনের নামও দিয়েছেন তিনি। তার আশা, প্রশাসন সেই প্রস্তাব গ্রহণ করবে, কারণ তিনিও চান না বিচারকের পদটি শূন্য থাকুক।

এর আগে এই পদের জন্য বিচার বিভাগের সাবেক প্রসিকিউটর স্টিভ ফাহির নাম প্রস্তাব করেছিলেন কর্নিন।

তার আপত্তির কারণে বুধবার সিনেট জুডিশিয়ারি কমিটির শুনানিতে অংশ নিতে পারেননি গেইজার। ওই শুনানিতে ট্রাম্প মনোনীত আরও সাত বিচারককে প্রায় তিন ঘণ্টা ধরে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হয়। ডেমোক্র্যাট সিনেটররা মূলত জানতে চান, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে প্রয়োজন হলে স্বাধীনভাবে রায় দেওয়ার সক্ষমতা তাদের রয়েছে কি না।

শুনানিতে নর্থ ক্যারোলাইনার মিডল ডিস্ট্রিক্টের জেলা বিচারক পদে মনোনীত ফিলিপ অবার্টকে উদ্দেশ করে ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল বলেন, তার প্রশ্নের উদ্দেশ্য মনোনীত ব্যক্তির স্বাধীনতা ও নিরপেক্ষতা যাচাই করা।

এ সময় কয়েকজন সিনেটর ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনা নিয়েও প্রশ্ন তোলেন। ব্লুমেন্থাল জানতে চান, মনোনীত বিচারকদের কেউ ওই ঘটনাকে হামলা হিসেবে স্বীকার করতে রাজি আছেন কি না। তবে কেউ সরাসরি উত্তর না দেওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন। এ ছাড়া ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল এবং ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রায় দেওয়ার বিষয়ে তাদের অবস্থান জানতে চান ডেমোক্র্যাট সদস্যরা।

শুনানি শেষে নিউ জার্সির ডেমোক্র্যাট সিনেটর কোরি বুকার বিচারক নিয়োগে রিপাবলিকানদের তাড়াহুড়োর সমালোচনা করেন। তার অভিযোগ, দীর্ঘমেয়াদে মার্কিন প্রতিষ্ঠানগুলোর শক্তি ও বিশ্বাসযোগ্যতার চেয়ে স্বল্পমেয়াদি রাজনৈতিক সুবিধাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

তবে এর জবাবে টেক্সাসের রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ ২০২৪ সালের শেষ দিকে ডেমোক্র্যাটদের কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানো এবং প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা ছাড়ার আগে দ্রুত ২২ জন ফেডারেল বিচারক নিয়োগের বিষয়টি তুলে ধরেন।

এদিকে, গেইজার বিচার বিভাগের ‘অফিস অব লিগ্যাল কাউন্সেল’-এর প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে বেশ কয়েকটি বিতর্কিত আইনি মতামত দিয়েছেন। সিএনএনের আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, মাদক কার্টেল ও সন্দেহভাজন মাদক পাচারকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী হামলার পক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প প্রশাসন একটি গোপন আইনি মতামত তৈরি করেছিল।

ওই মতামতে বলা হয়, এসব ব্যক্তি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি সৃষ্টি করায় তাদের বিরুদ্ধে হামলা চালানো আইনসম্মত। পরবর্তী সময়ে গেইজার কংগ্রেসের কয়েকজন সদস্যকে জানিয়েছিলেন, কংগ্রেসের অনুমোদন ছাড়াও ট্রাম্প প্রশাসন এ ধরনের প্রাণঘাতী হামলা চালিয়ে যেতে পারে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত