• NEWS PORTAL

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬

ইরাকে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুন; নিহত ৪, আহত ৩৫

প্রকাশিত: ২২:১৩, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ইরাকে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুন; নিহত ৪, আহত ৩৫

ছবি: আলজাজিরা

ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা প্রদেশের একটি বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। শনিবার (২১ নভেম্বর) ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ) জানায়, বসরার হারথা বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগার পর তা আশপাশের কয়েকটি বাড়িতেও ছড়িয়ে পড়ে। পরে দেশটির বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তরের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডের কারণে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রটির কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অগ্নিকাণ্ডের ভিডিও ও ছবিতে বিদ্যুৎকেন্দ্র এলাকা থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা যায়। এ ছাড়া আগুনে পুড়ে যাওয়া কয়েকটি গাড়িও দেখা গেছে। ঘটনাস্থলে উদ্ধার ও জরুরি সেবাকর্মীদের তৎপরতা দেখতে বহু মানুষ জড়ো হন।

তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইরাকের বিদ্যুৎ অবকাঠামো দীর্ঘদিন ধরেই নানা সংকটে রয়েছে। কয়েক দশকের অপর্যাপ্ত বিনিয়োগ, রক্ষণাবেক্ষণের ঘাটতি এবং বিদ্যুতের চাহিদা পূরণে ব্যর্থতার কারণে দেশটির বিদ্যুৎ খাত চাপে রয়েছে। বিশেষ করে প্রচণ্ড গরমের সময় বিদ্যুতের চাহিদা বেড়ে গেলে পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে ওঠে।

এর আগেও দেশটির বিভিন্ন বিদ্যুৎ উপকেন্দ্র ও বিদ্যুৎ উৎপাদন স্থাপনায় অগ্নিকাণ্ড এবং কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। এসব ঘটনায় বিভিন্ন এলাকায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাও ঘটেছে।

সূত্র: আলজাজিরা

বিভি/পিএইচ

মন্তব্য করুন: