• NEWS PORTAL

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা গণহত্যার রায়ে ক্ষুব্ধ মিয়ানমার, মানবে আইসিজের নির্দেশ?

প্রকাশিত: ১৪:২১, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রোহিঙ্গা গণহত্যার রায়ে ক্ষুব্ধ মিয়ানমার, মানবে আইসিজের নির্দেশ?

জাতিসংঘের সর্বোচ্চ আদালতে রোহিঙ্গা গণহত্যার দায়ে অভিযুক্ত হওয়ার পরও নিজেদের অবস্থান থেকে সরছে না মিয়ানমার। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ে ‘গভীর হতাশা’ প্রকাশ করে বিচারপ্রক্রিয়া ও আদালতের সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে দেশটি। 

শুক্রবার (২০ নভেম্বর) মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ১৯ নভেম্বর আইসিজে’র ঘোষিত রায়টি সর্বসম্মতিক্রমে আসেনি। ১৫ বিচারকের মধ্যে ৯ জন রায়ের পক্ষে এবং ৬ জন বিপক্ষে মত দিয়েছেন। ভিন্নমত থাকা বিচারকদের পর্যবেক্ষণও গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখে বলে উল্লেখ করেছে নেপিডো।

বিবৃতিতে ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত রাখাইনে সামরিক অভিযানকে জেনোসাইডের উদ্দেশ্যে পরিচালিত বলে অস্বীকার করা হয়। মিয়ানমারের দাবি, এগুলো ছিল সীমিত সময়ের ‘সন্ত্রাসবিরোধী অভিযান’, যা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার জবাবে চালানো হয়েছিল।

তবে আদালতের পর্যবেক্ষণ মিয়ানমারের দাবির সম্পূর্ণ বিপরীত। আইসিজে বলেছে, ২০১৭ সালে রাখাইনে সামরিক অভিযানের সময় রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা ও গ্রাম ধ্বংসের ঘটনা ঘটেছে। এসব অপরাধের পেছনে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্য ছিল। আদালত আরও বলেছে, গণহত্যা প্রতিরোধ ও অপরাধীদের বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়েছে মিয়ানমার।

রায়ে শুধু দায় নির্ধারণই নয়, ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য একাধিক প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, বিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলন, হারানো সম্পত্তি ফিরিয়ে দেওয়া এবং ক্ষতিপূরণ। আগামী দুই বছরের মধ্যে এসব পদক্ষেপের অগ্রগতি আদালতকে জানাতে হবে মিয়ানমারকে।
 
এদিকে গাম্বিয়ার প্রধান আইনজীবী আরসালান সুলেমান আনাদোলুকে বলেছেন, আন্তর্জাতিক আইনে মিয়ানমার এ রায় মানতে বাধ্য। এটি এড়িয়ে যাওয়ার কোনো ভিত্তি নেই। দীর্ঘ নয় বছর ধরে শরণার্থীশিবিরে ন্যায়বিচারের অপেক্ষায় থাকা রোহিঙ্গাদের জন্য এ রায় আশার বার্তা বয়ে আনবে বলে মনে করছেন তিনি। 

২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর দুই বছর পর ২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে গাম্বিয়া।

আদালতের এ রায় চূড়ান্ত এবং মিয়ানমারের জন্য বাধ্যতামূলক। তবে তা কার্যকর করার জন্য নিজস্ব কোনো বাহিনী নেই আইসিজের। এ প্রেক্ষাপটে রায়ের নির্দেশনা বাস্তবায়নে মিয়ানমার ব্যর্থ হলে বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলার সুযোগ রয়েছে। 

বিভি/এইচজে

মন্তব্য করুন: