এক মাসে বিশ্ববাজারে ১৪ শতাংশ কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে গত এক মাসে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে ১৪ শতাংশ। সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় দাম কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকেরা। তবে মধ্যপ্রাচ্যে সংঘাত ও জ্বালানি পরিবহণের গুরুত্বপূর্ণ পথগুলোতে নিরাপত্তাঝুঁকি থাকায় এখনো যুদ্ধপূর্ব অবস্থায় ফেরেনি তেলের বাজার।
শুক্রবার (২০ নভেম্বর) বিশ্ববাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল ৮৩ দশমিক ৬২ ডলার। গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর আগে প্রতি ব্যারেল তেলের দাম ছিল প্রায় ৬৭ ডলার। অর্থাৎ, এক মাসে দাম কমলেও যুদ্ধ শুরুর আগের তুলনায় এখনো প্রতি ব্যারেলে প্রায় ১৬ ডলার বেশি দাম দিতে হচ্ছে।
এদিকে সৌদি আরবের দক্ষিণাঞ্চল ও রাজধানী রিয়াদে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হুথি বিদ্রোহীরা। তবে এসব হামলার অধিকাংশই প্রতিহত করা হচ্ছে।
অন্যদিকে, জ্বালানি পরিবহণের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে নিরাপত্তাঝুঁকি বেড়েছে। শুক্রবার যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা ইউকেএমটিও এ প্রণালির নিরাপত্তাঝুঁকির মাত্রা ‘গুরুতর’ বলে ঘোষণা করেছে। একই সঙ্গে সেখানে আরও হামলার আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।
এ পরিস্থিতির মধ্যে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিভিন্ন বক্তব্যে ইঙ্গিত দিয়েছেন, ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু করতে পারে ওয়াশিংটন।
তবে আঞ্চলিক অস্থিরতা সত্ত্বেও হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়নি। যদিও এক বছর আগের তুলনায় এ পথে তেল পরিবহণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে। পাশাপাশি সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মতো বিকল্প পথ ব্যবহার করেও জ্বালানি সরবরাহ অব্যাহত রাখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, সরবরাহ পুরোপুরি বন্ধ না হওয়া এবং বিকল্প পরিবহণপথ সচল থাকায় বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়নি। তবে মধ্যপ্রাচ্যের সংঘাত, হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি এবং জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এখনো বাজারের জন্য বড় উদ্বেগের বিষয়। সূত্র: আল জাজিরা
বিভি/এজেড













মন্তব্য করুন: