পান্নুন হত্যা ষড়যন্ত্র মামলা
ফের অজিত দোভাল ও সাবেক র প্রধানকে মার্কিন আদালতে তলব
খালিস্তানপন্থী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে হওয়া দেওয়ানি মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান সামন্ত গোয়েলের বিরুদ্ধে নতুন করে সমন পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। এই সমন পৌঁছে দিতে দিল্লির তিনটি আদালতের কাছে সহায়তা চাওয়া হয়েছে।
বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, গত ২০ নভেম্বর কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠান ফেডএক্সের মাধ্যমে সমন ও সংশ্লিষ্ট বিচারিক নথি দিল্লির পাতিয়ালা হাউস, তিস হাজারি ও দ্বারকা জেলা আদালতে পাঠানো হয়। ১৩ নভেম্বর দেওয়া আদেশে বিচারক ক্যাথরিন পোলক ফাইল্লা দোভালের ক্ষেত্রে পাতিয়ালা হাউস এবং গোয়েলের ক্ষেত্রে দ্বারকা ও তিস হাজারি আদালতের সহায়তা চেয়েছেন।
আদালত হেগ কনভেনশনের ১৯ নম্বর অনুচ্ছেদ এবং ভারতের দেওয়ানি কার্যবিধির সংশ্লিষ্ট বিধান উল্লেখ করে এই বিকল্প আইনি প্রক্রিয়ার অনুমতি দিয়েছে। এর আগে কূটনৈতিক চ্যানেল ও হেগ কনভেনশনের প্রচলিত পদ্ধতিতে সমন পৌঁছানোর চেষ্টা ব্যর্থ হয়েছিল।
মামলাটি করেছেন যুক্তরাষ্ট্র ও কানাডার নাগরিক শিখ নেতা পান্নুন। তিনি ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) সংগঠনের সঙ্গে যুক্ত এবং স্বাধীন খালিস্তান প্রতিষ্ঠার পক্ষে প্রচার চালান। ভারত সরকার ২০১৯ সালে সংগঠনটিকে নিষিদ্ধ করে এবং ২০২০ সালে পান্নুনকে সন্ত্রাসী ঘোষণা করে।
পান্নুনের অভিযোগ, তাকে হত্যার ষড়যন্ত্রে ভারতের গোয়েন্দা সংস্থা র ও সরকারি কর্মকর্তারা জড়িত ছিলেন। এ ঘটনায় ভারতের নাগরিক নিখিল গুপ্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ফৌজদারি মামলা হয়েছে। অন্যদিকে, নয়াদিল্লি শুরু থেকেই এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় মামলাটিকে ভিত্তিহীন, মনগড়া ও বিদ্বেষমূলক বলে অভিহিত করেছে।
বিভি/এইচজে













মন্তব্য করুন: