• NEWS PORTAL

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬

আল জাজিরার বিশ্লেষণ

পারমাণবিক নীতি কি বদলাচ্ছে, পরমাণু বোমার পথে ইরান?

প্রকাশিত: ১৬:৩১, ২২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পারমাণবিক নীতি কি বদলাচ্ছে, পরমাণু বোমার পথে ইরান?

ইরানের পারমাণবিক কর্মসূচি কি অবশেষে নতুন মোড় নিতে যাচ্ছে? এত দিন তেহরান বলে এসেছে, পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা তাদের নেই। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাম্প্রতিক বক্তব্য সেই অবস্থান নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম এখন থেকে দেশের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হবে, কিন্তু সেই প্রয়োজন কীভাবে নির্ধারিত হবে, তা পরিস্থিতিই ঠিক করবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) ইরানি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি জানান, দেশের ভবিষ্যৎ পারমাণবিক নীতি নিয়ে ইরানের রাজনৈতিক ও নীতিনির্ধারণী মহলে এখন বড় ধরনের কৌশলগত বিতর্ক চলছে। অর্থাৎ, পারমাণবিক অস্ত্র না বানানোর যে নীতিতে এত দিন ইরান ছিল, তা আদৌ বলবত থাকবে কি না, তা নিয়ে দেশটির ভেতরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
 
আল-জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানের পারমাণবিক নীতি নিয়ে এই বিতর্ক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য নতুন উদ্বেগ তৈরি করছে। তবে আরাগচি স্পষ্ট করেছেন, এখন পর্যন্ত ইরানের পারমাণবিক নীতিতে আনুষ্ঠানিক কোনো পরিবর্তন আসেনি।

পারমাণবিক অস্ত্র না বানানোর নীতি কি ভাঙতে পারে ইরান?

দীর্ঘদিন ধরে ইরান দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি একটি ধর্মীয় ফতোয়ায় পারমাণবিক অস্ত্র তৈরি নিষিদ্ধ করেছিলেন। ইরানের সরকারি অবস্থানেও বারবার এই ফতোয়ার কথা উল্লেখ করা হয়েছে।

১৯৭০ সালে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) যোগ দেওয়া ইরান বরাবরই বলে এসেছে, শান্তিপূর্ণ কাজে ইউরেনিয়াম সমৃদ্ধ করা তাদের অধিকার। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ ছয় বিশ্বশক্তির সঙ্গে পারমাণবিক চুক্তিতেও সম্মত হয়েছিল তেহরান। ওই চুক্তির আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সীমা আরোপ এবং আন্তর্জাতিক পরিদর্শনের ব্যবস্থা রাখা হয়েছিল।

কিন্তু ২০১৮ সালে প্রথম শাসনামলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি পাল্টাতে থাকে। পরবর্তী সময়ে ইরানও চুক্তির জায়গা থেকে সরে এসে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়াতে থাকে।
 
এখন দেশটির ভেতরে পারমাণবিক নীতি বদলানোর পক্ষে যারা কথা বলছেন, তাদের যুক্তি- পারমাণবিক অস্ত্র না বানানোর ঘোষণা দিয়েও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে হামলা থেকে রক্ষা করা যায়নি। গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ভবিষ্যতে এমন হামলা ঠেকাতে আরও শক্তিশালী প্রতিরোধব্যবস্থা প্রয়োজন। ইরানের নিরাপত্তা ও কৌশলগত বিতর্কে এই যুক্তি ক্রমেই গুরুত্ব পাচ্ছে। দেশটির নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাইও চলতি মাসের শুরুতে বলেছেন, নতুন করে যুদ্ধ শুরু হলে আগের পারমাণবিক নীতি অনুসরণ করা হবে কি না, তা নিয়ে আলোচনা চলছে।
 
এ ছাড়া ১২ নভেম্বর ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস বলেছে, দেশের প্রতিরক্ষা নীতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় প্রতিরোধক্ষমতা গড়ে তোলা এখন অনিবার্য হয়ে উঠেছে। 

ইরানের ভেতরে মতভেদ কোথায়?

পারমাণবিক অস্ত্র তৈরি করা উচিত কি না, তা নিয়ে ইরানের নীতিনির্ধারণী মহলে একাধিক অবস্থান রয়েছে। এক পক্ষ মনে করে, পারমাণবিক অস্ত্র ছাড়া দেশটির নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সক্ষমতা এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার অভিজ্ঞতা তাদের এই অবস্থানকে শক্তিশালী করেছে।
 
অন্য পক্ষের যুক্তি, পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোলে ইরানের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়বে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে সামরিক হামলার অজুহাত পেতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক বিচ্ছিন্নতা আরও গভীর হবে।
 
লুন্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও মানবাধিকারবিষয়ক গবেষক রুজবেহ পারসি আল-জাজিরাকে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ ইরানের হিসাব-নিকাশ অনেকটাই বদলে দিয়েছে। আগে যে মতটি দেশটির রাজনৈতিক পরিসরে প্রান্তিক বলে বিবেচিত হতো- অর্থাৎ, এনপিটি থেকে বেরিয়ে গিয়ে পারমাণবিক অস্ত্র তৈরির পথে যাওয়া, এখন তা আলোচনার সম্ভাব্য বিষয় হয়ে উঠেছে।
 
ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক সাইমন মাবনও মনে করেন, ইরানের নীতি পরিবর্তনের পেছনে একটি প্রতিরক্ষামূলক যুক্তি তৈরি হচ্ছে। প্রচলিত পারমাণবিক কৌশল অনুযায়ী, পারমাণবিক অস্ত্র প্রতিপক্ষকে হামলা থেকে বিরত রাখার ক্ষেত্রে প্রতিরোধক হিসেবে কাজ করতে পারে। কিন্তু এমন পথে এগোলে এনপিটির বাধ্যবাধকতা ও আন্তর্জাতিক আইনের সঙ্গে ইরানের সংঘাত তৈরি হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নতুন জটিলতা

ইরানের পারমাণবিক নীতি নিয়ে এই বিতর্ক এমন এক সময়ে সামনে এল, যখন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে কূটনৈতিক প্রচেষ্টা চলছে। ওয়াশিংটনের প্রধান শর্ত, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না- এ বিষয়ে কার্যকর ও যাচাইযোগ্য নিশ্চয়তা দিতে হবে। কিন্তু তেহরান চায়, আলোচনা শুরুর আগেই তাদের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার, জব্দ করা সম্পদ ফিরিয়ে দেওয়া এবং সব ফ্রন্টে সংঘাত বন্ধের মতো শর্তগুলো পূরণ করা হোক।

দুই পক্ষের এই অবস্থানগত দূরত্বই আলোচনাকে কঠিন করে তুলেছে। ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ ব্যবহারও এখন দর-কষাকষির অন্যতম প্রধান বিষয়।

অধ্যাপক সাইমন মাবনের আশঙ্কা, ইরানের পারমাণবিক নীতিতে পরিবর্তন এলে সেটিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আক্রমণাত্মক পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করতে পারে। তাতে নতুন করে সামরিক সংঘাতের ঝুঁকি বাড়বে।

রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হচ্ছে, দুই পক্ষের মধ্যে আলোচনার পথ এখনো জটিল। ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দেশের বাইরে পাঠাতে রাজি নয়। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে ইউরেনিয়ামের সমৃদ্ধকরণের মাত্রা কমানোর মতো কোনো সমঝোতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

সামনে কোন পথে ইরান?

ইরান শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে দেশটির ভেতরে যে আলোচনা চলছে, তা উপেক্ষা করার সুযোগ নেই। বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের অভিজ্ঞতা ইরানের নিরাপত্তা-ভাবনায় বড় পরিবর্তন এনেছে। 

তবে পারমাণবিক নীতি পরিবর্তন করা আর বাস্তবে অস্ত্র তৈরি শুরু করা এক বিষয় নয়। প্রথমটির জন্য রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন; দ্বিতীয়টির জন্য প্রযুক্তিগত সক্ষমতা, সময়, উপকরণ এবং আন্তর্জাতিক নজরদারির বাইরে যাওয়ার মতো আরও অনেক জটিল বিষয় জড়িত।
 

ইরান যদি পারমাণবিক অস্ত্র না বানানোর অবস্থান থেকে সরে আসে, তাহলে এনপিটি নিয়ে দেশটির অবস্থান, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, সবকিছুতেই বড় প্রভাব পড়তে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একে নতুন হুমকি হিসেবে দেখবে। অন্যদিকে উপসাগরীয় দেশগুলোও নিজেদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হতে পারে।

বিভি/এইচজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত