যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের প্রস্তাব
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি সড়কের সম্মানসূচক নামকরণ বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে করার প্রস্তাব তুলেছে শহর কর্তৃপক্ষ। এরই মধ্যে প্রস্তাবটি অনুমোদনের সুপারিশ করেছে শিকাগো সিটি কাউন্সিলের পরিবহন ও পাবলিক ওয়ে বিষয়ক কমিটি। এখন এটি পূর্ণাঙ্গ কাউন্সিলের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়।
প্রস্তাবটি বাস্তবায়িত হলে শহরের ব্যস্ততম এলাকার আপার ওয়াকার ড্রাইভের একটি অংশ পরিচিত হবে ‘অনারারি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নামে। ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড ও ওয়েস্ট অ্যাডামস স্ট্রিটের মধ্যবর্তী সড়কটির পূর্ব পাশের অংশে এই সম্মানসূচক নাম ব্যবহারের কথা বলা হয়েছে। জায়গাটি বিখ্যাত উইলিস টাওয়ারের কাছেই।
শিকাগোর ৩৬ নম্বর ওয়ার্ডের অ্যাল্ডারপারসন গিলবার্ট ভিলেগাস গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অধ্যাদেশটি উত্থাপন করেন। এতে খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা ও দীর্ঘ রাজনৈতিক জীবনের স্বীকৃতি দেওয়া হয়েছে। দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারেও তার অবদানের কথা তুলে ধরা হয়েছে।
প্রস্তাবনায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে উইলিস টাওয়ারের সঙ্গে বাংলাদেশের সংযোগের বিষয়টি। ভবনটির নকশা ও নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখা বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ড. ফজলুর রহমান খানের কথাও স্মরণ করা হয়েছে। পাশাপাশি খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার ছেলে ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রসঙ্গও রয়েছে। গত ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার মৃত্যুর পর তার গণতান্ত্রিক ভূমিকা ও জনসেবাকে স্মরণীয় করে রাখতেই এ উদ্যোগ।
বিভি/এইচজে













মন্তব্য করুন: