• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

যেখানে আজও টিকে আছে পাথরের গুহায় বসবাসের আদিম ঐতিহ্য

প্রকাশিত: ০৮:৪৯, ২৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
যেখানে আজও টিকে আছে পাথরের গুহায় বসবাসের আদিম ঐতিহ্য

সুইজারল্যান্ড বলতেই চোখের সামনে ভেসে ওঠে বরফাবৃত আল্পস পর্বতমালা কিংবা ছবির মতো সাজানো আধুনিক আলপাইন গ্রাম। তবে দেশটির দক্ষিণাঞ্চলের ইতালীয় ভাষাভাষী তিসিনো ক্যানটনে রয়েছে এক বিস্ময়কর গিরিখাত, যেখানে শত শত বছর ধরে মানুষ টিকে থাকার লড়াই চালিয়েছে পাহাড় থেকে খসে পড়া বিশালাকার পাথরের নিচে গুহার মতো আস্তানা বানিয়ে। 

মাত্র কয়েক শ মিটার প্রস্থ এবং ১২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ দুর্গম এই এলাকার নাম বাভোনা উপত্যকা (Val Bavona)।  খাড়া পাহাড়ের গায়ে যেখানে আধুনিক পিচঢালা রাস্তা এসে হঠাৎ থেমে যায়, আল্পসের সেই বিপজ্জনক ও রুক্ষ অঞ্চলে প্রকৃতির দানবীয় পাথরকে কাজে লাগিয়েই মানুষ গড়ে তুলেছিল অনন্য এক জনপদ। বন্যা ও ভূমিধসের চরম ঝুঁকিপূর্ণ এই উপত্যকায় বর্তমানে সারা বছর স্থায়ীভাবে বসবাস করেন মাত্র ১১ জন মানুষ।

প্রকৃতির বুকে ‘স্প্লুই’ ও পাথরের ওপরেই চাষাবাদ   
বাভোনা উপত্যকার প্রধান আকর্ষণ এর প্রাচীন পাথুরে আশ্রয়কেন্দ্র, স্থানীয় ভাষায় যার নাম ‘স্প্লুই’। যুগে যুগে ভয়াবহ ভূমিধসে পাহাড়ের চূড়া থেকে খসে পড়া বিশাল সব পাথরের নিচের প্রাকৃতিক ফাঁকা অংশকে বসবাসের উপযোগী করে তুলেছিলেন স্থানীয়রা। পাথরের নিচের খোলা সামনের অংশে ছোট ছোট পাথরের টুকরা গেঁথে দেয়াল বানিয়ে মাঝখানে বসানো হতো কাঠের দরজা।   

বাভোনা ও এর আশপাশের এলাকায় এ ধরনের চার শতাধিক স্প্লুইয়ের অস্তিত্ব পাওয়া গেছে, যার মধ্যে সবচেয়ে প্রাচীনগুলো মধ্যযুগের সময়কার। তবে এসব পাথুরে গুহা কেবল মানুষের থাকার জন্যই ব্যবহৃত হতো না; এর বহুমুখী ব্যবহার ছিল। কোনো গুহা ব্যবহৃত হতো পনির ও মদ সংরক্ষণের শীতল ভাণ্ডার হিসেবে, কোনোটিতে বসানো হতো রুটি বানানোর উনুন বা কাপড় বোনার তাঁত, এমনকি গবাদিপশু রক্ষায় নেকড়ে ধরার ফাঁদ হিসেবেও কিছু পাথুরে কাঠামো ব্যবহারের নজির রয়েছে।

দুর্গম এই উপত্যকার মাত্র ২ শতাংশেরও কম জমি চাষাবাদের উপযোগী। সমতল জমির তীব্র সংকট কাটাতে বাভোনার বাসিন্দারা বিশালাকার পাথরের চারপাশে পাথরের দেয়াল তুলে তার ওপর মাটি বিছিয়ে তৈরি করেছিলেন অভিনব ‘পাথুরে বাগান’ (বালোই), যেখানে আলু, রাই ও শাকসবজি চাষ করা হতো। পরবর্তীতে মানুষের জীবনযাত্রার মান কিছুটা উন্নত হলে স্থায়ী বসবাসের জন্য তৈরি হয় ‘রুস্তিসি’ নামের ঐতিহ্যবাহী দোতলা পাথরের বাড়ি।

আধুনিক যুগেও স্বেচ্ছায় বিদ্যুৎহীন এক জনপদ   
শুধু পাথরের গুহাই নয়, বাভোনার মানুষের আধুনিক জীবনধারাও বিশ্ববাসীকে অবাক করে। ১৯৫০-এর দশকে সুইজারল্যান্ডজুড়ে যখন ব্যাপকভাবে জলবিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছিল, তখন বাভোনার ১২টি পল্লির বাসিন্দাদের সামনেও জাতীয় বিদ্যুৎ গ্রিডের সংযোগ নেওয়ার সুযোগ আসে। কিন্তু ঐতিহ্য ও প্রকৃতির সান্নিধ্য ধরে রাখতে ১২টি পল্লির মধ্যে ১১টির বাসিন্দারাই ভোট দিয়ে বিদ্যুৎ সংযোগ নিতে অস্বীকৃতি জানান।   

ফলে আজও উপত্যকার একেবারে শেষ প্রান্তের গ্রাম সান কার্লো ছাড়া বাকি ১১টি পল্লি জাতীয় বিদ্যুৎ গ্রিডের বাইরে রয়েছে। অবশ্য ১৯৮০-এর দশক থেকে ফ্রিজ চালানোর মতো জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে সৌরবিদ্যুৎ এবং রান্নার কাজে গ্যাসের ব্যবহার শুরু হয়েছে। 

ভ্রমণকারীদের জন্য নির্জনতার স্বর্গরাজ্য   
যান্ত্রিক কোলাহল এড়িয়ে যাঁরা আদিম প্রকৃতি ও নির্জনতা ভালোবাসেন, তাঁদের কাছে বাভোনা উপত্যকা এক অনন্য গন্তব্য। ইতালি ও সুইজারল্যান্ড সীমান্তের লেক মাজোর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত এই গিরিখাতে জুরিখ থেকে ট্রেন ও বাসে সহজেই পৌঁছানো যায়।

শীতকালে স্থানীয় দোকানপাট বন্ধ থাকায় পর্যটকদের পর্যাপ্ত খাবার ও প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। আধুনিক প্রযুক্তির যুগেও প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানের এক জীবন্ত জাদুঘর হয়ে টিকে আছে সুইজারল্যান্ডের এই বাভোনা উপত্যকা।

সূত্র: বিবিসি

বিভি/এমএফআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত