• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ইন্দোনেশিয়ায় ‘অবৈধ’ স্বর্ণের খনিতে ভূমিধস, নিহত ৯; নিখোঁজ ১৭

প্রকাশিত: ০৯:২৬, ২৬ নভেম্বর ২০২৬

আপডেট: ১০:০০, ২৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ইন্দোনেশিয়ায় ‘অবৈধ’ স্বর্ণের খনিতে ভূমিধস, নিহত ৯; নিখোঁজ ১৭

ছবি: আনাদোলু এজেন্সি

ইন্দোনেশিয়ার জাভায় স্বর্ণের খনি ধসে অন্তত ৯ জন শ্রমিক নিহত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ ১৭ জন। খনিটি অবৈধভাবে খোঁড়া হয়েছিল। মঙ্গলবার খনিটি ধসে পড়ার পর পানিতে তলিয়ে এই দুঘটনা ঘটে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমকে জাকার্তা সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের প্রধান দেশিয়ানা কার্তিকা বাহারি জানিয়েছেন, উদ্ধারকারী দল খনি থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করেছে। তিনি জানান, খনির সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে এমন আরও ১৭ জনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তবে, উদ্ধারকর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এর আগে ইংরেজি দৈনিক জাকার্তা গ্লোব জানায়, মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম জাভার বোগর রিজেন্সির সিগুহা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভূমিধসের কারণে খনির একটি অংশ ধসে পড়ে এবং সেখানে পানি ঢুকে যায় বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধার অভিযান চালাতে গিয়ে বেশ কিছু প্রতিকূলতার মুখে পড়ছেন উদ্ধারকর্মীরা। খনির সুড়ঙ্গটি সরু এবং এর ভেতরের পথ অসমতল। এ ছাড়া পানি জমে থাকা, পর্যাপ্ত আলোর অভাব ও পিচ্ছিল ভূখণ্ডের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। আশপাশের এলাকায় হালকা বৃষ্টিপাতও অভিযানকে আরও কঠিন করে তুলেছে।

উল্লেখ্য, সিগুহা এলাকাটি দীর্ঘদিন ধরেই অবৈধ সোনার খনির কার্যক্রমের জন্য পরিচিত।

সূত্র: আনাদোলু এজেন্সি

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত