ভারতীয় পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্ত না হলে এ শুল্ক কার্যকর হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের এ প্রস্তাবের বিষয়ে নোটিশ পর্যালোচনা করছে বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।
একই সঙ্গে দেশটিতে কোনো খাতেই অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নেই বলে দাবি করেছে নয়াদিল্লি। বুধবার (২৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) ১৪টি অর্থনীতির বিরুদ্ধে কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও শিল্প খাতের উৎপাদনসংক্রান্ত তদন্তের অংশ হিসেবে এ প্রস্তাব প্রকাশ করে।
এর পরপরই ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের প্রকাশিত নোটিশটি সরকার অবগত হয়েছে এবং বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ভারতের অবস্থান হলো, দেশটির কোনো খাতেই কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নেই।
ভারত ছাড়াও চীনসহ আরও কয়েকটি দেশের পণ্যে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব দেশের জন্য প্রস্তাবিত শুল্কের হার ২০ থেকে ৩৫ শতাংশ। তবে ওয়াশিংটনের সঙ্গে যেসব দেশের আগে থেকেই বাণিজ্য চুক্তি রয়েছে, তাদের ক্ষেত্রে শুল্কের হার কম হবে।
ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সুইজারল্যান্ডের পণ্যে আমদানি শুল্কসহ মোট হার ১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হলে দেশটির পণ্যে শুল্কের হার হবে ২০ শতাংশ।
প্রস্তাবিত শুল্ক নিয়ে আগামী ২৫ জানুয়ারি ২০২৭ যুক্তরাষ্ট্রে গণশুনানির তারিখ নির্ধারণ করেছে ইউএসটিআর। এ বিষয়ে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে আগামী ৫ জানুয়ারির মধ্যে লিখিত মতামত জমা দিতে বলা হয়েছে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাণিজ্যসংক্রান্ত যেকোনো উদ্বেগ আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত বলে নয়াদিল্লির অবস্থান।
সূত্র: এনডিটিভি
বিভি/এমএফআর













মন্তব্য করুন: