পাসপোর্ট সূচকে দক্ষিণ এশিয়ায় ষষ্ঠ, বিশ্বে ১৯০তম বাংলাদেশ
বিশ্বের পাসপোর্টের শক্তি ও ভ্রমণসুবিধা নিয়ে আর্টন ক্যাপিটলের পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ১৯০তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ ষষ্ঠ অবস্থানে রয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কানাডাভিত্তিক বৈশ্বিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান আর্টন ক্যাপিটাল প্রকাশিত সর্বশেষ রিয়েল-টাইম পাসপোর্ট সূচকে এ তথ্য উঠে এসেছে। সূচক অনুযায়ি, গ্লোবাল র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ৯১তম এবং ইন্ডিভিজুয়াল র্যাংকিংয়ে ১৯০তম। দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ।
আর্টন ক্যাপিটালের ‘পাসপোর্ট ইনডেক্স’-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টের মোবিলিটি স্কোর ৪৮। অর্থাৎ, আগাম ভিসা ছাড়া বা সহজ শর্তে বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৪৮টি গন্তব্যে ভ্রমণের সুবিধা পান।
গ্লোবাল র্যাংকিংয়ে একই মোবিলিটি স্কোর পাওয়া দেশগুলোকে যৌথভাবে একটি ক্রমে রাখা হয়। সে অনুযায়ী ৯৭টি ধাপের তালিকায় দক্ষিণ সুদান ও ইরিত্রিয়ার সঙ্গে যৌথভাবে ৯১তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে, ১৯৯টি দেশ ও অঞ্চলকে আলাদাভাবে সাজানো ইন্ডিভিজুয়াল র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯০তম।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাসপোর্টের শক্তিতে সবচেয়ে এগিয়ে রয়েছে মালদ্বীপ, আর তলানিতে রয়েছে আফগানিস্তান। সূচক অনুযায়ী, ১৮২ মোবিলিটি স্কোর নিয়ে বিশ্বের এক নম্বর শক্তিশালী পাসপোর্ট সংযুক্ত আরব আমিরাতের। তালিকায় ১৭৫ স্কোর নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে এশিয়ার দুই দেশ সিঙ্গাপুর ও মালয়েশিয়া। এছাড়া ১৭৪ স্কোর নিয়ে স্পেন তৃতীয় অবস্থানে রয়েছে।
সূত্র: আর্টন ক্যাপিটাল
বিভি/এমএফআর













মন্তব্য করুন: