মিশরে জ্বালানিবাহী ট্যাঙ্কারে ভয়াবহ আগুন, নিহত ৩১
মিশরের রাজধানী কায়রোর একটি ব্যস্ত মহাসড়কে জ্বালানিবাহী ট্যাংকার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের এ তথ্য জানিয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানী কায়রোর পাশে গিজা প্রদেশের আল-ওয়াররাক এলাকায় রিং রোডে এ দুর্ঘটনা ঘটে। ট্যাংকারটি উল্টে গিয়ে আশপাশের যানবাহনের ওপর পেট্রোল ছড়িয়ে পড়লে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং আশপাশের বেশ কয়েকটি যানবাহন পুড়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আগুনের বিশাল শিখা ও কালো ধোঁয়ায় রাতের আকাশ ঢেকে গেছে। দুর্ঘটনার পর দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। উদ্ধার অভিযান শেষে মহাসড়কটি আবার যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
দুর্ঘটনার পর মিশরের স্বাস্থ্য ও জনসংখ্যামন্ত্রী খালেদ আবদেল গাফফার ঘটনাস্থলের আশপাশের হাসপাতালগুলোকে জরুরি চিকিৎসাসেবার প্রস্তুতি বাড়ানোর নির্দেশ দেন। উদ্ধার ও আহতদের হাসপাতালে নেওয়ার কাজে কয়েক ডজন অ্যাম্বুলেন্স অংশ নেয়। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় অব্যাহত রেখেছে। দুর্ঘটনার কারণ ও সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত চলছে।
সাম্প্রতিক বছরগুলোতে মিশরে বেশ কয়েকটি ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। বিশেষ করে আবাসিক এলাকাগুলোতে অপরিকল্পিত বসতি ও জরাজীর্ণ অবকাঠামোর কারণে অগ্নিকাণ্ডের ঝুঁকি বেশি।
সূত্র: বিবিসি
বিভি/এমএফআর













মন্তব্য করুন: