শিশুকন্যাকে কোলে নিয়ে সংসদে বক্তব্য দিলেন অস্ট্রেলিয়ার সিনেটর ফাতিমা
ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সিনেটে বক্তব্য দেওয়ার সময় ছয় মাসের শিশুকন্যাকে কোলে নিয়ে হাজির হয়েছেন সিনেটর ফাতিমা পেম্যান। অধিবেশন চলাকালে শিশুটির সঙ্গে সহকর্মী সিনেটর লিডিয়া থর্পের মজার অঙ্গভঙ্গির দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মুহূর্তটি নজর কেড়েছে অনেকের।
২৪ ও ২৫ নভেম্বর সিনেটের অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে। পশ্চিম অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্বকারী স্বতন্ত্র সিনেটর ফাতিমা পেম্যান বক্তব্য দেওয়ার সময় নিজের মেয়ে আলিয়াকে কোলে ধরে রাখেন।
এ সময় পেছনে বসে থাকা সিনেটর লিডিয়া থর্প শিশুটির সঙ্গে নানা মজার মুখভঙ্গি ও অঙ্গভঙ্গিতে খেলায় মেতে ওঠেন। তার এসব কাণ্ডে আনন্দিত হয়ে ওঠে ছোট্ট আলিয়াও।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই দৃশ্যটির প্রশংসা করেছেন। মাতৃত্বের দায়িত্ব পালনের পাশাপাশি পেশাগত দায়িত্ব সামলে নেওয়ার এই মুহূর্তকে তারা সুন্দর ও স্বাভাবিক ঘটনা হিসেবে দেখছেন।
অস্ট্রেলিয়ার সিনেটে আইনপ্রণেতাদের শিশুদের সঙ্গে রাখার সুযোগ রয়েছে। সংসদীয় নিয়ম অনুযায়ী, অধিবেশন চলাকালে সদস্যরা নিজেদের শিশুকে সঙ্গে রাখতে পারেন এবং প্রয়োজন হলে দুধ পান করাতে পারেন। কর্মজীবী অভিভাবকদের সন্তানদের কাছ থেকে দূরে না রেখেই দায়িত্ব পালনের সুযোগ করে দিতে এ ব্যবস্থা রাখা হয়েছে।
ফাতিমা পেম্যান পশ্চিম অস্ট্রেলিয়ার একজন স্বতন্ত্র সিনেটর। সিনেটর হিসেবে দায়িত্ব পালনকালে সন্তানের জন্ম দেওয়ার কারণে তিনি বিশেষভাবে আলোচিত হয়েছেন।
সংসদের আনুষ্ঠানিক পরিবেশে শিশুকন্যাকে কোলে নিয়ে তার বক্তব্য দেওয়ার দৃশ্য আবারও কর্মজীবী মা ও মাতৃত্বের দায়িত্ব নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।
বিভি/এনএইচ













মন্তব্য করুন: