• NEWS PORTAL

  • শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

উষ্ণতম দুই বছরে বিশ্বজুড়ে নদী-হ্রদের পানির স্তরে নজিরবিহীন পতন

প্রকাশিত: ১১:৫৭, ২৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
উষ্ণতম দুই বছরে বিশ্বজুড়ে নদী-হ্রদের পানির স্তরে নজিরবিহীন পতন

এক আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, ২০২৩ ও ২০২৪ সালে তীব্র বৈশ্বিক তাপপ্রবাহের কারণে বিশ্বজুড়ে হ্রদ, নদী ও জলাধারের পানির স্তর নজিরবিহীনভাবে নিচে নেমে গেছে।

চীনা বিজ্ঞান অ্যাকাডেমির নেতৃত্বে পরিচালিত বৈশ্বিক পানি ব্যবস্থার এক যৌথ বিশ্লেষণে দেখা গেছে, ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর হিসেবে চিহ্নিত ওই দুই বছরে পৃথিবীর ভূপৃষ্ঠের মিঠাপানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যায়। এ সময়ে বিশ্বজুড়ে নদীর পানিপ্রবাহ স্বাভাবিকের তুলনায় প্রায় ৫ দশমিক ৭ শতাংশ কমে যায়। একই সময়ে হ্রদ ও জলাধারে সঞ্চিত পানির পরিমাণ কমে যায় ৯ দশমিক ৫ শতাংশ। সামগ্রিকভাবে, অন্তত ১৯৯১ সালের পর ভূপৃষ্ঠের মিঠাপানির পরিমাণে এটিই ছিল সবচেয়ে বড় সমন্বিত পতন।

বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে সঙ্গে পৃথিবীর ওয়াটার সাইকেল আরও চরম রূপ নিচ্ছে। উষ্ণ বায়ুমণ্ডল মাটি, নদী ও হ্রদ থেকে বেশি আর্দ্রতা শোষণ করছে। একই সঙ্গে ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাওয়ায় বাড়ছে বাষ্পীভবনের হার। পরে সেই আর্দ্রতার বড় অংশ স্থলভাগের বদলে সমুদ্রের ওপর ভারী বৃষ্টিপাত হিসেবে ঝরে পড়ছে।

এর ফলে খরা ও বন্যার মধ্যে বৈপরীত্য আরও প্রকট হচ্ছে। অর্থাৎ, ২০২৩-২৪ সালে যেসব অঞ্চল ভয়াবহ বন্যার শিকার হয়েছে, সেসব এলাকাতেও বছরের বড় একটি সময় নদীর পানিপ্রবাহ স্বাভাবিকের চেয়ে কম ছিল।

গবেষণার ফলাফলে পৌঁছাতে গবেষকেরা ১৯৯১ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিশ্বের ১৫০টি প্রধান নদী অববাহিকার পানিপ্রবাহের পরিমাপ এবং ১২ লাখের বেশি হ্রদ ও জলাধারের স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ করেছেন।

গবেষণার অন্যতম লেখক ড. সুলগ্না মিশ্র বলেন, 'এই ফলাফল জলবায়ু পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ বৈপরীত্য তুলে ধরেছে: উষ্ণ বায়ুমণ্ডল মানেই স্থলভাগে পানির প্রাপ্যতা বাড়বে, এমন নয়। এ সময়ে বিশ্বজুড়ে সামগ্রিক বৃষ্টিপাত বাড়লেও অতিরিক্ত বৃষ্টির সিংহভাগই হয়েছে সমুদ্রের ওপর। অন্যদিকে, স্থলভাগের অনেক অঞ্চলে পানির বড় ধরনের ঘাটতি দেখা গেছে।'

দক্ষিণ আমেরিকায় এই প্রভাব বিশেষভাবে স্পষ্ট। মহাদেশটির কিছু অঞ্চলে অতিবৃষ্টি ও বন্যা দেখা দিলেও সামগ্রিকভাবে নদীর পানিপ্রবাহ কমেছে ১৭ দশমিক ৮ শতাংশ। একই সময়ে হ্রদ ও জলাধারে পানির পরিমাণ কমেছে ১৬ দশমিক ৫ শতাংশ।

ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার জলবিদ্যা ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সহযোগী অধ্যাপক ড. ই হেই বলেন, '২০২৩-২৪ সালে দক্ষিণ আমেরিকার কিছু অংশে ভয়াবহ বন্যা হয়েছিল। তা সত্ত্বেও ওই দুই বছরে মহাদেশটির নদীগুলোতে স্বাভাবিকের তুলনায় অনেক কম পানি প্রবাহিত হয়েছে। অতিবৃষ্টির সময় কোনো নদীতে আকস্মিক বন্যা দেখা দিতে পারে, অথচ বছরের বাকি অধিকাংশ সময় পানির স্তর স্বাভাবিকের নিচে থাকতে পারে।'

বর্তমানে বিশ্বজুড়ে পানির সরবরাহ ব্যবস্থা নানা ধরনের হুমকির মুখে রয়েছে। এর মধ্যে রয়েছে শক্তিশালী 'সুপার এল নিনো', জলবায়ু পরিবর্তনের কারণে তীব্রতর খরা, দূষণ এবং অতিরিক্ত পানি উত্তোলন ও অপব্যবহার।

গবেষকদের মতে, তাদের অনুসন্ধান বিশ্বজুড়ে পানির সরবরাহ ব্যবস্থা কতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, তা স্পষ্ট করেছে। মিঠাপানির এই পরিবর্তন জলবায়ু সংকটের অন্যতম গুরুত্বপূর্ণ প্রভাব, যা মানুষ ও প্রকৃতি উভয়কেই সরাসরি ক্ষতিগ্রস্ত করছে। পৃথিবীর তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকায় ভবিষ্যতে মানুষের জন্য কতটুকু ব্যবহারযোগ্য পানি থাকবে, তা অনুমান করাও ক্রমশ কঠিন হয়ে পড়ছে।

ব্রিটিশ ইকোলজিক্যাল সোসাইটির পলিসি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ক্রিশ্চিয়ান ডান বলেন, 'এই ফলাফলের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, মিঠাপানির সম্পদ কত দ্রুত কমে যেতে পারে। এমনকি ঐতিহাসিকভাবে আর্দ্র ও পানিসমৃদ্ধ হিসেবে পরিচিত অঞ্চলগুলোও এর বাইরে নয়। এই গবেষণা দেখিয়েছে, কোনো অঞ্চল বন্যার মুখে পড়লেই সেখানে পানির নিরাপত্তা নিশ্চিত রয়েছে, এমনটা ভাবার সুযোগ নেই।'

ইউনিভার্সিটি অব রিডিংয়ের জলবায়ু বিজ্ঞানী অধ্যাপক রিচার্ড অ্যালান বলেন, বিশ্বজুড়ে নদীর পানিপ্রবাহ ও হ্রদের জলস্তরের এই নজিরবিহীন পতন প্রমাণ করে, চরম আর্দ্রতা ও চরম শুষ্কতার ক্ষতিকর দোলাচল এখন স্থলভাগের সামগ্রিক পানি ব্যবস্থায় স্পষ্ট হয়ে উঠেছে।

তিনি সতর্ক করে বলেন, 'গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমিয়ে জলবায়ুকে স্থিতিশীল করতে না পারলে জলবায়ুর এমন চরম পরিস্থিতি এবং মানুষের ওপর এর নেতিবাচক প্রভাব আরও ভয়াবহ হয়ে উঠবে।'

সূত্র: গার্ডিয়ান

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত