• NEWS PORTAL

  • শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ

প্রকাশিত: ১২:৪১, ২৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ

ছবি: সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রমে মুখ ঢেকে রাখা পোশাক পরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইতালি। নতুন আইন অনুযায়ী, বোরকা ও নিকাব পরে স্কুলের কার্যক্রমে অংশ নেওয়া যাবে না। নিয়ম লঙ্ঘন করলে সর্বোচ্চ ১ হাজার ইউরো জরিমানা হতে পারে। শিক্ষার্থী নাবালক হলে জরিমানার দায় পড়বে অভিভাবকের ওপর।

ইতালির পার্লামেন্টে স্কুলসংক্রান্ত একটি নতুন আইন চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজে ১৪২ ভোটে আইনটি পাস হয়। বিপক্ষে ভোট দেন ১১২ জন এবং ভোটদানে বিরত ছিলেন চারজন। এর আগে ২০ নভেম্বর সিনেটে আইনটি অনুমোদন পেয়েছিল।

নতুন আইন অনুযায়ী, স্কুলের ক্লাস, পরীক্ষা ও অন্যান্য কার্যক্রমে মুখ ঢেকে রাখা যাবে না। ফলে নিকাব বা মুখমণ্ডল ঢেকে রাখা বোরকা পরে এসব কার্যক্রমে অংশ নেওয়া যাবে না। তবে মুখ খোলা রেখে হিজাব পরার ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। নিষেধাজ্ঞা অমান্য করলে ২০০ থেকে ১ হাজার ইউরো পর্যন্ত জরিমানা করা হতে পারে। কোনো নাবালক শিক্ষার্থী নিয়ম ভঙ্গ করলে তার অভিভাবকের ওপর জরিমানার দায় বর্তাবে।

তবে নির্দিষ্ট ও প্রত্যয়িত চিকিৎসাগত কারণ কিংবা শিক্ষামূলক কার্যক্রমের প্রয়োজনে এ নিয়মে ছাড়ের সুযোগ রাখা হয়েছে। নতুন নিষেধাজ্ঞা মূলত মুখ ঢেকে রাখার পোশাকের ক্ষেত্রে প্রযোজ্য। তাই হিজাবের ওপর এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না। কারণ হিজাবে মুখমণ্ডল দৃশ্যমান থাকে এবং পরিচয় শনাক্ত করতে বাধা সৃষ্টি হয় না।

এ ছাড়া আইনটি ইতালির সব জনসমাগমস্থলে বোরকা বা নিকাব পরার ওপর দেশব্যাপী নিষেধাজ্ঞা আরোপ করেনি। এটি শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রমকেন্দ্রিক বিধান। আইনটি পাসের সময় ইতালির পার্লামেন্টে বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ জানান। তাদের কয়েকজন প্ল্যাকার্ড প্রদর্শন করে বলেন, 'স্কুলে কেউ বিদেশি নয়'।

সমালোচকদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত সমস্যা সমাধানে শিক্ষক ও প্রয়োজনীয় শিক্ষা-সহায়তা বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়া উচিত। অন্যদিকে সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের পরিচয় শনাক্তকরণ ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মশৃঙ্খলার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়েছে।
নতুন আইনটি ইতালিতে ধর্মীয় স্বাধীনতা, অভিবাসী শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি এবং রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ নীতির ভূমিকা নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

বিভি/এনএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত