আফগানিস্তানের বালখে সরকারি নথিতে নারীদের নাম ব্যবহারে তালেবানের নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথি ও চিকিৎসাসংক্রান্ত কাগজপত্রে নারীদের প্রকৃত নাম ব্যবহার নিষিদ্ধ করেছে তালেবান কর্তৃপক্ষ। এর পরিবর্তে নারীদের ‘বিবি’ নামে উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও কোথাও নারীদের ‘ছাগল’ বা ‘গরু’ বলেও সম্বোধন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন অধিকারকর্মীরা।
স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইস–এর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বালখ প্রদেশের হাসপাতাল, ক্লিনিক ও সরকারি দপ্তরের কর্মীদের নারীদের প্রকৃত নাম লেখা এবং নাম ধরে সম্বোধন করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। চিকিৎসকের ব্যবস্থাপত্র ও হাসপাতালের নথিতেও এ নির্দেশনার প্রভাব পড়েছে।
আফগান নারী অধিকারকর্মী লালা ওসমানি এ চর্চাকে নারীদের মানবিক মর্যাদা ও পরিচয় কেড়ে নেওয়ার প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেছেন। এল পাইসকে তিনি বলেন, একজন মানুষের মানবিক পরিচয় কেড়ে নেওয়ার প্রথম পদক্ষেপ হলো তার নাম কেড়ে নেওয়া।
ওসমানির দাবি, নারীদের শুধু ‘বিবি’ বলে উল্লেখ করার নির্দেশের পাশাপাশি অনেক ক্ষেত্রে প্রাণীর সঙ্গে সম্পর্কিত অবমাননাকর শব্দও ব্যবহার করা হচ্ছে। এতে নারীদের স্বতন্ত্র পরিচয় ও মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।
এ নির্দেশনার ফলে স্বাস্থ্যসেবায়ও জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ওসমানি। তার মতে, একাধিক নারীর ব্যবস্থাপত্র ও চিকিৎসার নথিতে একই নাম ব্যবহার করা হলে রোগী শনাক্ত করতে সমস্যা হতে পারে। এতে ভুল রোগীকে ওষুধ দেওয়া কিংবা চিকিৎসায় ভুল হওয়ার ঝুঁকি বাড়বে।
নারীদের পরিচয় প্রতিষ্ঠার দাবিতে ২০১৭ সালে ‘হোয়্যার ইজ মাই নেম’ বা ‘আমার নাম কোথায়’ প্রচারাভিযান শুরু করেছিলেন লালা ওসমানি। সন্তানদের জন্মসনদসহ সরকারি নথিতে মায়ের নাম যুক্ত করার দাবিতে এ উদ্যোগ নেওয়া হয়। প্রচারাভিযানের ধারাবাহিকতায় ২০২০ সালের সেপ্টেম্বরে তৎকালীন আফগান সরকার জন্মসনদে মায়ের নাম যুক্ত করার সুযোগ দেয়।
তবে ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর দেশটিতে নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও জনজীবনে অংশগ্রহণের ওপর একের পর এক বিধিনিষেধ আরোপ করা হয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক নারী অধিকার সংস্থা ফেমেনার আফগানিস্তান কর্মসূচির পরিচালক জুবাইদা আকবর আশঙ্কা করছেন, বালখ প্রদেশে জারি করা এ নির্দেশনা ভবিষ্যতে সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। তার মতে, তালেবান এর আগেও বিভিন্ন এলাকায় স্থানীয়ভাবে বিধিনিষেধ চালুর পর সেগুলো দেশজুড়ে কার্যকর করেছে।
আফগান সাংবাদিক খাদিজা আমিনের অভিজ্ঞতাও নারীদের নাম ও পরিচয়ের গুরুত্ব তুলে ধরে। বর্তমানে স্পেনে নির্বাসিত জীবনযাপন করা এই সাংবাদিকের সন্তানদের জন্মসনদে মায়ের নাম উল্লেখ ছিল না। ফলে সন্তানদের সঙ্গে দেখা করার অধিকার চেয়ে জার্মান পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়ে নিজের মাতৃত্বের পরিচয় প্রমাণে সমস্যায় পড়েন তিনি।
লালা ওসমানির ভাষায়, ‘আফগানিস্তানে কোনো নারীকে তার প্রকৃত নামে ডাকা এখন একধরনের প্রতিরোধ।’
এল পাইসের প্রতিবেদনে বলা হয়েছে, বালখ প্রদেশের এ নির্দেশনা এখনো পুরোপুরি কার্যকর হয়েছে কি না, তা নিয়ে ভিন্ন অভিজ্ঞতার কথা জানিয়েছেন স্থানীয়রা। তবে অধিকারকর্মীরা মনে করছেন, নারীদের নাম ও স্বতন্ত্র পরিচয় মুছে দেওয়ার এমন চর্চা তাদের অধিকার প্রতিষ্ঠা এবং জরুরি সেবা পাওয়ার পথ আরও কঠিন করে তুলতে পারে।
বিভি/এনএইচ













মন্তব্য করুন: