চুরি করতে গিয়ে ক্ষুধা, ডিম ভেজে মুড়ি খেলেন চোর; অবশেষে ধরা
মাঝরাতে চুরি করতে বেরিয়ে হঠাৎ ক্ষুধা পেয়ে গেল চোরের। এরপর এক চায়ের দোকানে ঢুকে তিন তিনটা ডিম ভেজে খেলেন মুড়ি দিয়ে। চা-ও খেলেন। তারপর চুলা নিভিয়ে, বাসনপত্র গুছিয়ে চুরির জন্য ঢুকলেন আরেক দোকানে। তবে শেষ রক্ষা হয়নি। একের পর এক ছয়টি দোকানে চুরির পর সপ্তম দোকানে ঢুকে শেষ পর্যন্ত ধরা পড়লো চোর।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গভীর রাতে ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার গোঘাটের বেঙ্গাই চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তির নাম রাজা বাউড়ি।
সংবাদমাধ্যম এই সময় জানিয়েছে, রাত ১১টার দিকে বিভিন্ন দোকানের চাল ভেঙে ভেতরে ঢুকে চুরি শুরু করেন রাজার নামের ওই চোর। একপর্যায়ে ক্ষুধা পেলে একটি চায়ের দোকানে ঢুকে তিনটি ডিম ভেজে মুড়ি দিয়ে খান।
এরপর একটি দোকানে চুরি করতে ঢুকে আর বের হতে পারেননি। ভেতর থেকে শব্দ শুনে স্থানীয়দের সন্দেহ হলে তারা দোকান ঘিরে ফেলেন। পরে চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
চায়ের দোকানের মালিক মাধবী ঘোষ জানান, দোকান থেকে পাঁচ হাজার টাকা চুরি হয়েছে। আরেক দোকানমালিক গৌতম কোনার জানা, তার দোকান থেকে চুরি হয়েছে প্রায় দুই হাজার টাকা।
এলাকায় চুরি বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। রাতের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
বিভি/এইচজে













মন্তব্য করুন: