• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

নৈতিকতা ও চরিত্র গঠনই শিক্ষার অন্যতম মূল উদ্দেশ্য: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৮:১৪, ৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
নৈতিকতা ও চরিত্র গঠনই শিক্ষার অন্যতম মূল উদ্দেশ্য: প্রধানমন্ত্রী

শিক্ষা ব্যবস্থা সংস্কারে সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে সমান সুযোগ, মানসম্মত শিক্ষা এবং বৈষম্যহীন প্রবেশাধিকার নিশ্চিত করা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নৈতিকতা ও চরিত্র গঠন অবশ্যই শিক্ষার অন্যতম মূল উদ্দেশ্য হওয়া উচিত। শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জন ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে প্রতিটি মানুষকে আত্মনির্ভরশীল করে তোলাই সরকারের লক্ষ্য।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। দিবসটি উপলক্ষে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যায় পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে ১০২ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়। এ সময় শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশে এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে কোনো শিশুই শিক্ষা থেকে বঞ্চিত থাকবে না। শিক্ষাজীবনের যেকোনো পর্যায়ে কোনো কারণে কেউ ঝরে পড়লেও যেন তাকে কর্মহীন থাকতে না হয়, তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের বিকাশ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে প্রথাগত শিক্ষা পদ্ধতির বাইরে গিয়ে কারিগরি ও ব্যবহারিক শিক্ষার বিকল্প নেই। সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও কর্মমুখী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, সমাজে শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ণ থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়ে। শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

অবসরের পর শিক্ষকদের প্রাপ্য বেতন-ভাতা পেতে যেন অফিসে অফিসে ঘুরতে না হয়, সে বিষয়েও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যথানিয়মে ও যথাসময়ে অবসরপ্রাপ্ত শিক্ষকদের প্রাপ্য অর্থ ব্যাংকের মাধ্যমে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: