ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
সকল ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৫ অক্টোবর) বঙ্গভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে প্রতিনিধি দলের সদস্যরা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।
এ সময় নিজেদের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষকে আরও উদ্যোগী হওয়ার পরামর্শ দেন রাষ্ট্রপতি।
অন্যদিকে, প্রাতিষ্ঠানিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সততা ও দক্ষতার সঙ্গে কাজ করার জন্য চার্টার্ড অ্যাকাউনট্যান্টদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ছয় সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চার্টার্ড অ্যাকাউনট্যান্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ক্ষেত্রে পেশাগত দক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।
এ ছাড়া দেশের উদ্ভাবনী তরুণদের ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বঙ্গভবনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) ২১ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে ডিসিসিআই প্রতিনিধিরা জানান, ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে তারা কাজ করে যাচ্ছেন।
রাষ্ট্রপতি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বেসরকারি খাতের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে উদ্ভাবনী ও সম্ভাবনাময় তরুণদের ব্যবসা-বাণিজ্যে সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: