• NEWS PORTAL

  • শনিবার, ১০ অক্টোবর ২০২৬

রূপপুরের প্রথম ইউনিট থেকে দ্রুত বিদ্যুৎ সরবরাহের আশ্বাস রোসাটমের

প্রকাশিত: ২২:১৪, ৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
রূপপুরের প্রথম ইউনিট থেকে দ্রুত বিদ্যুৎ সরবরাহের আশ্বাস রোসাটমের

বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্রুততম সময়ে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম। একই সঙ্গে আগামী বছর থেকে প্রকল্পটির দ্বিতীয় ইউনিটের কমিশনিং ও প্রাথমিক স্টার্ট-আপ কার্যক্রম শুরুর কথা জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (৯ অক্টোবর) রাশিয়ার মস্কোয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর প্রকল্পের সার্বিক অগ্রগতি এবং প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর সম্ভাব্য সময়সীমা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ জানান, প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ দ্রুততম সময়ে নিশ্চিত করার বিষয়ে কাজ চলছে। তার মতে, বাংলাদেশের বিদ্যুৎ নিরাপত্তা জোরদার এবং পরিবেশবান্ধব ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, ২ হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১১ শতাংশ পূরণ করা সম্ভব হবে।

এদিকে, রোসাটমের মহাপরিচালক জানান, ২০২৭ সাল থেকে দ্বিতীয় ইউনিটের কমিশনিং ও প্রাথমিক স্টার্ট-আপ কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে।

বৈঠকে রূপপুর প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে বাংলাদেশের পারমাণবিক শক্তি খাতের সম্প্রসারণ এবং দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়।

প্রকল্পটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হলে তা দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে। তবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের নির্দিষ্ট সময়সীমা প্রকল্পের পরীক্ষণ ও কমিশনিং কার্যক্রমের অগ্রগতির ওপর নির্ভর করবে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত