• NEWS PORTAL

  • শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার, সতর্ক করলো আইএসপিআর

প্রকাশিত: ২২:৩০, ১০ অক্টোবর ২০২৬

আপডেট: ২২:৩৭, ১০ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার, সতর্ক করলো আইএসপিআর

ছবি: ফেসবুক থেকে নেওয়া

বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এসব অপপ্রচারে প্রভাবিত না হতে এবং এ-সংক্রান্ত তথ্যের ক্ষেত্রে আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য সূত্র অনুসরণ করতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বার্তায় এ আহ্বান জানানো হয়।

বার্তায় বলা হয়, সম্প্রতি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে। এসব তথ্যের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে প্রতীয়মান হয়।

এ ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে প্রভাবিত না হওয়ার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে।

বার্তায় আরও বলা হয়, সুদৃঢ় চেইন অব কমান্ড, পারস্পরিক আস্থা, ঐক্য, শৃঙ্খলা ও পেশাদারত্বের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা ঐক্যবদ্ধ। দেশ ও জনগণের প্রতি অর্পিত দায়িত্ব পালনে সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।

বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনী প্রধান সম্পর্কিত যেকোনো তথ্যের ক্ষেত্রে আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য তথ্যসূত্র অনুসরণ করারও আহ্বান জানানো হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: