• NEWS PORTAL

  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬

ব্যাংকখাত পুনরুদ্ধারে ৮ বছর পর্যন্ত বাজেট বরাদ্দ প্রয়োজন: গভর্নর

প্রকাশিত: ০৮:৪৬, ১১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ব্যাংকখাত পুনরুদ্ধারে ৮ বছর পর্যন্ত বাজেট বরাদ্দ প্রয়োজন: গভর্নর

ব্যাংক খাতের সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে আগামী পাঁচ থেকে আট বছর পর্যন্ত প্রতিটি জাতীয় বাজেটে ৬০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রয়োজন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তিনি বলেছেন, ব্যাংক লুটেরারা জনগণের আমানতের টাকা লুট করে নিয়ে গেছে। এদিকে, আগামী ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকের গ্রাহকেরা চাহিদামতো টাকা তুলতে পারবেন বলেও জানিয়েছেন তিনি।

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংক খাতে ব্যাপক লুটপাটের অভিযোগের মধ্যে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ ছয় লাখ কোটি টাকা ছাড়িয়েছে। বিতরণ করা ঋণের প্রায় এক-তৃতীয়াংশ খেলাপি হয়ে পড়ায় দেশের ব্যাংক খাত এখনো গভীর সংকটের মধ্যে রয়েছে।

এমন পরিস্থিতিতে শনিবার (১০ অক্টোবর) রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর কোডের মাধ্যমে টিউশন ফি পরিশোধ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এ সময় তিনি বলেন, লেনদেন ব্যবস্থায় গতি আনা এবং ডিজিটাল লেনদেন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

গভর্নর জানান, ব্যাংক খাতকে সংকট থেকে পুনরুদ্ধার করতে বিপুল পরিমাণ বাজেট বরাদ্দ প্রয়োজন। আগামী পাঁচ থেকে আট বছর ধরে প্রতিটি জাতীয় বাজেটে ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া গেলে এ খাতের ঘুরে দাঁড়ানোর পথ তৈরি হতে পারে।

তিনি আরও বলেন, দেশে ডিজিটাল লেনদেনের পরিমাণ বাড়ানো গেলে নগদ অর্থ ব্যবস্থাপনা এবং টাকা ছাপানোর পেছনে সরকারের বিপুল ব্যয় কমানো সম্ভব হবে।

এদিকে, ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের অর্থ উত্তোলন নিয়ে আশ্বস্ত করে গভর্নর বলেন, আগামী ১৫ অক্টোবর থেকে গ্রাহকেরা চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারবেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: