আইপিইউ সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার
ফাইল ছবি
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ১৫৩তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন। রবিবার (১১ অক্টোবর) তিনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
হাফিজ উদ্দিন আহমদ গত ৫ অক্টোবর আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে এ দায়িত্ব গ্রহণ করেন।
একই দিন আইপিইউর ১৫৩তম অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, এমপি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
উল্লেখ্য, আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। এই গ্রুপের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের স্পিকারের দায়িত্ব গ্রহণ এবং নির্বাহী কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে দেশের ভূমিকা আরও জোরালো করবে বলে আশা করা হচ্ছে।
স্পিকারের সফরসঙ্গী হিসেবে ছিলেন সরওয়ার জামাল নিজাম, এমপি; এ. ই. সুলতান মাহমুদ বাবু, এমপি; মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এমপি; এস কে আজিজুল বারী, এমপি; হুমাম কাদের চৌধুরী, এমপি; মীর আহমাদ বিন কাসেম, এমপি; সানসিলা জেবরিন, এমপি এবং রোকেয়া বেগম, এমপি।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধি দল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে জাতীয় সংসদ সচিবালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: