কপ৩১: শিল্পপণ্যের ন্যায্যমূল্য চাইলো বাংলাদেশ
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সবুজ শিল্পায়নে বাংলাদেশের অর্জন তুলে ধরার পাশাপাশি দেশীয় উৎপাদিত শিল্পপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। তিনি বলেছেন, বিশ্বের সর্বোচ্চ পরিবেশমান পূরণ করা কারখানাগুলো ন্যায্য দাম ও স্থিতিশীল ক্রয়াদেশ পাওয়ার যোগ্য। সবুজ শিল্পে রূপান্তরের ব্যয়ভার বহনে ক্রেতা ও আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোকেও অংশ নিতে হবে।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকেলে কপ৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তুরস্ক, জার্মানি, যুক্তরাজ্য ও জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা ইউনিডোকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরু করেন ড. সাইমুম পারভেজ। এতে তিনি জলবায়ু সংকটের পাশাপাশি সবুজ শিল্পায়নে বাংলাদেশের অগ্রগতি, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
বক্তব্যে তিনি জানান, বাংলাদেশে বর্তমানে ২৯০টি এলইইডি-সনদপ্রাপ্ত পোশাক কারখানা রয়েছে। এর মধ্যে ১২৫টি প্ল্যাটিনাম রেটিংপ্রাপ্ত। বিশ্বের শীর্ষ ১০০টি এলইইডি কারখানার ৬৯টিই বাংলাদেশে অবস্থিত। এ ছাড়া শিল্পকারখানায়, বিশেষ করে রফতানিমুখী পোশাক কারখানায় ৬০০ মেগাওয়াটের বেশি সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে উঠেছে।
ড. সাইমুম পারভেজ বলেন, এসব অর্জন একটি স্বল্পোন্নত দেশ, বাংলাদেশের উদ্যোক্তা এবং প্রায় ৪০ লাখ শ্রমিকের সম্মিলিত সাফল্য। এসব শ্রমিকের বেশির ভাগই নারী। সবুজ শিল্পায়ন শুধু ধনী দেশগুলোর বিলাসিতা নয় বলেও উল্লেখ করেন তিনি।
সবুজ শিল্পায়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন এবং দেশের মোট বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ২০৪০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের এই হার ৩০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
এ লক্ষ্য বাস্তবায়নে সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে শুল্ক-সুবিধা দেওয়া হয়েছে। পাশাপাশি নেট মিটারিং ব্যবস্থায় গ্রিডে বিদ্যুৎ বিক্রির মূল্য প্রতি কিলোওয়াট-ঘণ্টা ১০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া সরকার জাতীয় কার্বন বাজার গড়ে তুলছে, ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে এবং ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনরুদ্ধারের কাজ করছে।
বক্তব্যে বাংলাদেশের শিল্পায়নের ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরে ড. সাইমুম পারভেজ বলেন, গার্মেন্টস শিল্প বাংলাদেশের প্রবৃদ্ধির প্রথম গল্প লিখেছে। আর পাট থেকে শুরু করে বৈদ্যুতিক যানবাহন পর্যন্ত সবুজ শিল্প দেশের পরবর্তী প্রবৃদ্ধির গল্প লিখবে।
তবে সবুজ শিল্পায়নে নেতৃত্ব দেওয়ার মূল্য রয়েছে এবং সেই মূল্য বাংলাদেশের উৎপাদকেরা প্রায় একাই বহন করছেন বলে মন্তব্য করেন তিনি। এ পরিস্থিতিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি তিনটি সুনির্দিষ্ট আহ্বান জানান ড. সাইমুম পারভেজ।
প্রথমত, সবুজ শিল্পায়নের জন্য অর্থায়ন নিশ্চিত করতে হবে। জলবায়ু ঝুঁকিপ্রবণ দেশে এ ধরনের শিল্প গড়ে তুলতে দীর্ঘমেয়াদি স্বল্পসুদের মূলধন ও প্রযুক্তি প্রয়োজন। বাড়তি ঋণের বোঝা নয়, বরং সহজ শর্তে অর্থায়নের ব্যবস্থা করতে হবে।
দ্বিতীয়ত, উৎপাদিত শিল্পপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। যেসব কারখানা বিশ্বের সর্বোচ্চ পরিবেশমান পূরণ করছে, সেসব কারখানার পণ্যের ন্যায্য দাম ও স্থিতিশীল ক্রয়াদেশ পাওয়া উচিত। সবুজ শিল্পে রূপান্তরের ব্যয় শুধু উৎপাদকদের ওপর চাপিয়ে না দিয়ে আন্তর্জাতিক ক্রেতা ও ব্র্যান্ডগুলোকেও এর অংশীদার হতে হবে।
তৃতীয়ত, আন্তর্জাতিক বাণিজ্য ও পরিবেশগত নিয়মকানুনে ন্যায্যতা নিশ্চিত করতে হবে। বড় বাজারগুলোর নতুন পরিবেশগত মানদণ্ড বাস্তবায়নের ক্ষেত্রে পর্যাপ্ত সময় ও প্রয়োজনীয় সহায়তা দিতে হবে, যাতে এসব নিয়ম নতুন সুযোগ তৈরি করে। ২০২৯ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির সময় বাংলাদেশের জন্য বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
বক্তব্যের শেষ পর্যায়ে বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরেন ড. সাইমুম পারভেজ। তিনি বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান অর্ধশতাংশেরও কম। তারপরও জলবায়ু সংকটের সমাধানে নেতৃত্ব দেওয়ার পথ বেছে নিয়েছে বাংলাদেশ।
এই উদ্যোগে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ সবুজ শিল্পের ভবিষ্যতের জন্য প্রস্তুত। এখন বিশ্ববাসীর পালা বাংলাদেশের সঙ্গে যুক্ত হওয়ার।
বিভি/কেএস/পিএইচ













মন্তব্য করুন: