• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

নিরপেক্ষ অবস্থান থেকে কাজ করবে তথ্য কমিশন: প্রধান তথ্য কমিশনার

বাসস

প্রকাশিত: ১৪:৪৮, ১২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নিরপেক্ষ অবস্থান থেকে কাজ করবে তথ্য কমিশন: প্রধান তথ্য কমিশনার

ছবি: পেস ব্রিফিংয়ে তথ্য কমিশনার

গণতন্ত্র ও সুশাসন শক্তিশালী করতে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার ঘোষণা দিয়েছে নবগঠিত তথ্য কমিশন। সরকার কিংবা জনগণ—কোনো পক্ষেই নয়, কমিশন দায়িত্ব পালন করবে নিরপেক্ষ অবস্থান থেকে। এমনটাই জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনের সম্মেলন কক্ষে নবগঠিত কমিশনের ১০০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রধান তথ্য কমিশনার বলেন, ‘তথ্য কমিশন সরকার বা জনগণের পক্ষে থাকবে না, তথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে।’ সংবাদকর্মীদের উপস্থিতি ও সংবাদ সংগ্রহের মধ্য দিয়েই কমিশনের স্বাধীন ও নিরপেক্ষভাবে পথচলার আনুষ্ঠানিক সূচনা হলো বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, ১৫ তলা বিশিষ্ট তথ্য কমিশন ভবনে অনুমোদিত ৭৬টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ২২ জন কর্মকর্তা-কর্মচারী। সীমিত জনবল নিয়েই কমিশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

কমিশনকে জনমুখী করতে ১০০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে চলতি নভেম্বরের শেষ সপ্তাহে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সপ্তাহব্যাপী ‘তথ্যমেলা সপ্তাহ’ আয়োজন করা হবে। পাশাপাশি স্কুল-কলেজেও তথ্য অধিকার আইন (আরটিআই) সম্পর্কে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হবে।

দীর্ঘদিনের জমে থাকা অভিযোগ নিষ্পত্তির উদ্যোগের কথাও জানান ড. নাহরিন ইসলাম খান। তিনি বলেন, গত দুই বছরে জমে থাকা ৯১৭টি অভিযোগের মধ্যে ৯৫টির শুনানি আগামী ১৬ নভেম্বর থেকে কমিশনের নিজস্ব কার্যালয়ে শুরু হবে। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর ইতোমধ্যে ২০০টির বেশি নতুন অভিযোগ জমা পড়েছে।

এ ছাড়া সংবাদকর্মী, কনটেন্ট ক্রিয়েটর ও রাজনীতিবিদদের প্রশিক্ষণের আওতায় আনা, সরকারি অর্থায়ন ও বিদেশি অনুদানে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট পর্যবেক্ষণ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে তথ্য অবমুক্তকরণ নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি পাঠানো হয়েছে।

গত ১৭ বছরে তথ্য কমিশন উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেনি উল্লেখ করে প্রধান তথ্য কমিশনার বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা প্রয়োজন। সংবাদকর্মীদের জন্য কমিশনের দরজা সবসময় খোলা থাকবে বলেও জানান তিনি।

ব্রিফিংয়ে তথ্য কমিশনার এস এ এম মাহফুজুর রহমান বলেন, তথ্য অধিকার আইন ও তথ্য কমিশন মানুষের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় গণমাধ্যমই কমিশনের সবচেয়ে বড় অংশীদার।

তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তির প্রসারের সঙ্গে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনের ঝুঁকিও বাড়ছে। এসব ঝুঁকি মোকাবিলা এবং বস্তুনিষ্ঠ ও প্রামাণ্য তথ্য নিশ্চিত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অন্য তথ্য কমিশনার খান মোহাম্মদ আবুল হোসেন বলেন, দুই বছর তথ্য কমিশনের কার্যক্রম বন্ধ থাকায় কাজের বড় ধরনের ব্যাকলগ তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় ১০০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে নতুন কমিশন। তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষের অজ্ঞতা দূর করতে গণমাধ্যমের জোরালো ভূমিকা প্রয়োজন।

প্রেস ব্রিফিংয়ে তথ্য কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভি/এমআর

মন্তব্য করুন: