• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মন্ত্রিসভা কমিটির নীতিগত অনুমোদনের সুপারিশ

তিন উৎস থেকে এলএনজি কিনবে সরকার 

বাসস

প্রকাশিত: ১৪:০৭, ১২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
তিন উৎস থেকে এলএনজি কিনবে সরকার 

ছবি: এলএনজি আমদানি

তিনটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। জাপান, সংযুক্ত আরব আমিরাত ও নাইজেরিয়ার তিনটি প্রতিষ্ঠান থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব এলএনজি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির চলতি বছরের ৩৭তম সভায় এ সুপারিশ করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এলএনজি সরবরাহের জন্য জাপানের জেরা গ্লোবাল মার্কেটস পিটিই লিমিটেড (জেরাগম), সংযুক্ত আরব আমিরাতের এডিএনওসি ট্রেডিং লিমিটেড এবং নাইজেরিয়ার ওজিমাডু অ্যান্ড মারিটেস অয়েল মার্কেটিং নাইজেরিয়া লিমিটেড/উজি জেমস বিহাইভের কাছ থেকে গ্যাস কেনার প্রস্তাব করা হয়েছে।

সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয়বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) বিধি অনুসরণ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব এলএনজি কেনার সুপারিশ করেছে কমিটি। এ ছাড়া জেরাগমের সঙ্গে পেট্রোবাংলার স্বল্পমেয়াদি এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তি (এসপিএ) এবং টার্ম শিটের চূড়ান্ত খসড়ায় স্বাক্ষরের প্রস্তাবও রয়েছে।

সভায় এলএনজি কেনার তিনটি প্রস্তাব ছাড়াও আরও দুটি প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়। এর মধ্যে আসন্ন রমজানে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে বিতরণের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৬ হাজার ২০০ মেট্রিক টন খেজুর আমদানির প্রস্তাব রয়েছে।

জরুরি জাতীয় প্রয়োজন বিবেচনায় খেজুর আমদানির দরপত্র প্রস্তুত ও জমা দেওয়ার নির্ধারিত সময় কমানোর প্রস্তাবেও সুপারিশ করেছে কমিটি। এ ক্ষেত্রে সরকারি ক্রয়বিধিমালা, ২০২৫-এর ১০২(১)(ক) বিধি অনুসরণের কথা বলা হয়েছে।

অন্যদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের জন্য সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের প্রস্তাবেও নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে।

বিভি/এমআর

মন্তব্য করুন: