কপ৩১ বাংলাদেশ প্যাভিলিয়নে বক্তারা
‘প্যারিস চুক্তির লক্ষ্য অর্জনে তরুণদের নেতৃত্ব, উদ্ভাবন ও জলবায়ু সাক্ষরতা অপরিহার্য’
গ্লোবাল সাউথে প্যারিস চুক্তির লক্ষ্যসমূহ অর্জনে তরুণ নেতৃত্বের ক্ষমতায়ন, আন্তঃসীমান্ত দূষণ মোকাবিলা এবং স্বচ্ছ কার্বন বাজার ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বক্তারা। তুরস্কের আন্তালিয়ায় চলমান বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক উচ্চপর্যায়ের আঞ্চলিক সংলাপে তারা এ কথা বলেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ‘রিজিওনাল ডায়ালগ অন অ্যাচিভিং দ্য গোলস অব দ্য প্যারিস অ্যাগ্রিমেন্ট: ট্যাকলিং পলিউশন, ড্রাইভিং ইনোভেশন, কার্বন মার্কেটস অ্যান্ড ইয়ুথ ক্যাপাসিটি বিল্ডিং’ শীর্ষক এই অধিবেশনে ২০টিরও বেশি দেশের নীতিনির্ধারক, শিক্ষাবিদ, বিজ্ঞানী এবং তরুণ প্রতিনিধিরা অংশ নেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় (এমওইএফসিসি), সেন্টার ফর অ্যাটমোস্ফেরিক পলিউশন স্টাডিজ (ক্যাপস), কয়২১ (COY21), মিশন গ্রিন বাংলাদেশ, ইয়ুঙ্গো (YOUNGO) আর্টস, কালচার অ্যান্ড হেরিটেজ ওয়ার্কিং গ্রুপ, আরকয় (RCOY) এশিয়া ও প্যাসিফিক, এলকয় (LCOY) বাংলাদেশ এবং কাল্টিভআর্থ যৌথভাবে এই সংলাপের আয়োজন করে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম জলবায়ু কার্যক্রমে তরুণ প্রজন্মের রূপান্তরমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘জলবায়ু সংকট সমাধানে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা ও দূরদর্শিতা এখন তরুণদের রয়েছে। তাদের সফল করতে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ও একাডেমিক সহায়তা প্রদান করা আমাদের দায়িত্ব।’

দূষণ ও জলবায়ু পরিবর্তনের আন্তঃসম্পর্ক বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাপসের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার। তিনি দক্ষিণ এশিয়ায় বায়ু ও শিল্পদূষণ কীভাবে জলবায়ু ঝুঁকিকে আরও বাড়িয়ে তুলছে, তা তুলে ধরেন এবং ক্ষতিকর নিঃসরণ কমিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে বিজ্ঞানভিত্তিক নীতিমালা ও টেকসই সবুজ প্রযুক্তির প্রয়োজনীয়তার কথা বলেন।
মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান রনির সঞ্চালনায় ইন্টারেক্টিভ প্যানেল আলোচনায় তরুণ নেতা ও বিশেষজ্ঞরা দূষণ প্রশমন, প্যারিস চুক্তির আর্টিকেল-৬ অনুযায়ী কার্বন বাজারের স্বচ্ছতা এবং আঞ্চলিক সক্ষমতা বৃদ্ধি- এই তিনটি মূল বিষয়ে বাস্তবসম্মত সমাধান তুলে ধরেন।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি ও ইয়ুঙ্গো এনার্জি ওয়ার্কিং গ্রুপের পলিসি অ্যান্ড গভর্ন্যান্স কো-অর্ডিনেটর যুগমী গিদিয়া ন্যায্য জ্বালানি রূপান্তর ত্বরান্বিত করতে জ্বালানি নীতি প্রণয়নে তরুণদের অর্থবহ অংশগ্রহণ এবং লক্ষ্যভিত্তিক দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বাংলাদেশের তৃণমূল পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে ফুটস্টেপস-এর প্রতিষ্ঠাতা শাহ রাফায়েত চৌধুরী নগর অঞ্চলের খাল পুনরুদ্ধারে তার সংস্থার কাজের কথা আলোচনা করেন। তিনি দেখান, কীভাবে কমিউনিটিভিত্তিক প্রকৃতিনির্ভর সমাধান জলজ বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং নগরের জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে পারে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জ্যেষ্ঠ প্রভাষক রুবাইয়া নাসরিন সেজুতি দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নে শিক্ষার্থীদের বিশ্লেষণাত্মক দক্ষতা গড়ে তুলতে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক জলবায়ু শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন।
সংলাপ শেষে দূষণ নিয়ন্ত্রণে কঠোর মানদণ্ড নির্ধারণ ও কার্বন অর্থায়নে ন্যায্য প্রবেশাধিকারের সুপারিশসংবলিত একটি ‘আঞ্চলিক যুব নীতি প্রস্তাবনা’ (রিজিওনাল ইয়ুথ পলিসি রেজল্যুশন) গৃহীত হয়।
বিভি/কেএস/পিএইচ













মন্তব্য করুন: