• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

আপনারা নিজেদের থানা পোড়ালে পুলিশ কাজ করবে কীভাবে: গোপালগঞ্জে আইজিপি

প্রকাশিত: ২১:২৪, ২০ নভেম্বর ২০২৬

আপডেট: ২১:২৫, ২০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আপনারা নিজেদের থানা পোড়ালে পুলিশ কাজ করবে কীভাবে: গোপালগঞ্জে আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির

গোপালগঞ্জের শান্তিপ্রিয় মানুষদের অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেছেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত ভালো রয়েছে। এ অবস্থা ধরে রাখতে স্থানীয় বাসিন্দাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।

শুক্রবার (২০ নভেম্বর) গোপালগঞ্জ শহরের সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, ‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন, তাহলে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কীভাবে কাজ করবে? আপনারা যদি মনে করেন পুলিশের দরকার নেই, তাহলে নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে।’

গোপালগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।

জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে পুলিশপ্রধান বলেন, ‘আজ পর্যন্ত সার্বিক পরিস্থিতি অনেক ভালো দেখছি। আগামী দিনেও ভালো থাকবে বলে আশা করি। আপনারা সবাই মিলে শান্তিপ্রিয় মানুষ হিসেবে যারা অশান্তি তৈরি করছে, তাদের বিরুদ্ধে অবস্থান নিন। এমন মানুষের সংখ্যা খুব বেশি নয়।’

আগুনে পুড়িয়ে দেওয়া দুটি থানার কার্যক্রম পুনরায় শুরুর বিষয়ে প্রশ্ন করা হলে আইজিপি বলেন, থানাগুলো জনগণের জন্যই। সেগুলো পুড়িয়ে দিলে পুলিশের পক্ষে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়ে। পুলিশকে সহযোগিতা না করলে আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিভি/এজেড

মন্তব্য করুন: