• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

পাসপোর্ট লাগে না, সন্ত্রাসীদের আনা হয় হ্যান্ডকাফ পরিয়ে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২২:২৪, ২০ নভেম্বর ২০২৬

আপডেট: ২২:২৫, ২০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পাসপোর্ট লাগে না, সন্ত্রাসীদের আনা হয় হ্যান্ডকাফ পরিয়ে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের আবেদনের প্রয়োজন হয় না বলে মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় হ্যান্ডকাফ পরিয়ে কিংবা কঠোর নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় নিজের বাসায় অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। এ ছাড়া আরও অনেক মামলা বিচারাধীন। বাংলাদেশের জনগণ এবং দেশের বিচারব্যবস্থা তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে।

হুমায়ুন কবির বলেন, দেশের যেসব অপরাধী মানুষ হত্যা করে পালিয়ে গেছে, তাদের প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। যারা দেশের শাসনব্যবস্থা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার চেষ্টা করেছে, তাদেরও বিচারের মুখোমুখি করা হবে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সম্পর্কে তিনি বলেন, ‘আওয়ামী লীগ এখন আওয়ামী সন্ত্রাসী লীগ। তাদের নেত্রী দল ও পরিবারকে ধ্বংস করেছেন। এখানে যারা আছেন, তাদেরও ধ্বংস করা শুরু করেছেন।’

শুক্রবার ভোরে নিজের বাসায় আগুন দেওয়ার ঘটনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দুর্বৃত্তরা বাসার গেটে আগুন দিয়েই পালিয়ে গেছে। তাদের আচরণকে ভীতসন্ত্রস্ত মানুষের সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তারা দ্রুত পালিয়ে যায়। তার ভাষায়, স্লোগানটি এখন জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, সন্ত্রাসীদের কীভাবে মোকাবিলা করতে হয়, তা দেশের মানুষ ও সরকার জানে। সরকার সহনশীলতার নীতি অনুসরণ করলেও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশে কোনো সন্ত্রাসীর, বিশেষ করে আওয়ামী লীগের সন্ত্রাসীদের স্থান হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সন্ত্রাসীদের দেশে ফেরার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে হুমায়ুন কবির বলেন, পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসী সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে ফিরতে পারবে না।

এসব ঘটনায় সরকার কোনো চাপে পড়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, কোনো চাপে পড়েনি। সরকার কেন চাপে পড়বে?’

প্রতিমন্ত্রী আরও বলেন, তারা নিজেরাই আতঙ্কিত। হয় দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, নয়তো আইনের হাতে ধরা পড়বে।

বিভি/এজেড

মন্তব্য করুন: