বিলুপ্তির মুখে তিস্তার দেশীয় মাছ: চরম জীবিকাসংকটে কুড়িগ্রামের জেলেরা
ভারতের সিকিম থেকে উৎপত্তি হয়ে ৩১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কুড়িগ্রাম ও গাইবান্ধার মধ্যবর্তী হরিপুর এলাকায় ব্রহ্মপুত্রের সঙ্গে মিশে যাওয়া তিস্তা নদী আজ তার চিরচেনা রূপ হারাচ্ছে। কুড়িগ্রাম জেলায় এই নদীর ৪০ কিলোমিটার বিস্তৃতি থাকলেও নেই কোনো মৎস্য অভয়াশ্রম। এর ওপর কারেন্ট জাল ও ক্ষতিকর ‘চায়না দুয়ারী’ জালের অবাধ ব্যবহারে নির্বিচারে চলছে মাছ নিধন। ফলে গত দুই দশকে এই নদ থেকে অন্তত ১০ প্রজাতির মাছ প্রায় বিলুপ্ত হয়ে গেছে।
নদীভাঙন ও তীব্র জীবিকাসংকটে তিস্তাপাড়ের ১০টি গ্রামের সিংহভাগ জেলে পেশা বদল করতে বাধ্য হলেও রাজারহাট উপজেলার বিদ্যানন্দ গ্রামের জেলেপল্লীটি কোনোমতে টিকে রয়েছে। সেখানে সরজমিনে গিয়ে দেখা যায় শত শত পরিবারের অবর্ণনীয় কষ্টের চিত্র। এখানকার অন্তত ২০টি পরিবার অন্যের দেওয়া জায়গায় জীর্ণ চালাঘরে আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছেন।
জাল টানলেই খালি হাত, দাদনের ফাঁদে ঘুম হারাম
নদীর ভাঙনে সাতবার ঘরবাড়ি হারিয়ে বিদ্যানন্দ জেলেপাড়ায় কোনোমতে মাথা গুঁজে আছেন ষাটোর্ধ্ব অতুল চন্দ্র দাস। তিন পুরুষ ধরে তাঁদের পেশা জেলেগিরি। তিস্তার বুকে জাল টেনে জীবনের দীর্ঘ পথ পার করলেও এখন তিনি বয়সের ভারে ক্লান্ত। মাঝেমধ্যে দুই ছেলে সবুজ দাস ও রঞ্জিত দাসকে নিয়ে নৌকা ভিড়ান তিস্তায়। কিন্তু নদীতে মাছের আকালে এই পেশা আজ চরম হুমকির মুখে।
অতুল চন্দ্র ও স্থানীয় জেলেরা আক্ষেপ করে জানান, সারা রাত নদী চষেও কোনো দিন ১০০ টাকার মাছ মেলেনি, এমনকি কোনো কোনো দিন এক কেজির বেশি মাছের দেখা পাওয়াই কঠিন হয়ে পড়ে। এতে পরিবারের ন্যূনতম খাবার জোটে না। কার্তিক থেকে ফাল্গুন—বছরের এই পাঁচ মাস জেলেদের চরম অনাহারে-অর্ধাহারে কাটাতে হয়। নৌকা মেরামতের জন্য প্রতি হাজারে মাসে ১০০ টাকা সুদের হারে ১০ হাজার টাকা দাদন নিয়েছেন অতুল চন্দ্র। কিন্তু নদীতে মাছ না থাকায় সুদাসল শোধ করা নিয়ে এখন তাঁর ঘুম হারাম। ধারদেনা আর দাদনের ফাঁদে পড়ে পুরো জেলেপল্লীর অস্তিত্ব আজ বিপন্ন।
হারিয়ে গেছে ঐতিহ্যবাহী বৈরালীসহ অন্তত ১০ প্রজাতির মাছ
স্থানীয় বয়োজ্যেষ্ঠরা জানান, বছর দশেক আগেও তিস্তায় রুই, কাতল, আইড়, বোয়াল, চিতল, চেলা, বৈরালি, উজান টেকা, চুরকানি, বাইম, শোল, পুঁটি, টেংরা, ঘাউরা, বাচা, চিংড়ি ও ইলিশসহ প্রচুর দেশীয় মাছ মিলত। বর্তমানে সাকুল্যে চার-পাঁচটি প্রজাতির দেখা মিললেও তা অত্যন্ত সামান্য। তিস্তার ঐতিহ্যবাহী ও বিখ্যাত ‘বৈরালি’ মাছও আজ প্রায় অদৃশ্য। ২০২২ সালের ‘ইরকা বনে’র ঘোলা পানিতে বিপুল পরিমাণ মাছ মারা যায়। এরপর স্বল্প সময়ের জন্য উৎপাদন কিছুটা বাড়লেও গত দুই বছরে তা তলানিতে গিয়ে ঠেকেছে।
অভয়াশ্রম নেই তিস্তায়, দীর্ঘমেয়াদি উদ্যোগের অভাব
জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলায় আটটি মৎস্য অভয়াশ্রম থাকলেও ৪০ কিলোমিটার দৈর্ঘ্যের তিস্তায় একটিও নেই। অথচ ব্রহ্মপুত্রের হাতিয়া ও শাখা হাতিসহ আরও ছয়টি বিল ও ছড়ায় অভয়াশ্রমের মাধ্যমে দেশীয় মাছের বংশবিস্তার করা হচ্ছে। তিস্তায় এ ধরনের কোনো সংরক্ষণ ব্যবস্থা না থাকায় নদীটিতে প্রজাতি রক্ষায় দীর্ঘ দিন কোনো প্রশাসনিক উদ্যোগ ছিল না।
জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ কুড়িগ্রামের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু জানান, ২০১৭ সালে ভারত থেকে আসা পাহাড়ি ঢলে নদী এলাকায় যে ভয়াবহ বন্যা হয়, তারপর থেকেই তিস্তায় মাছের এই আকাল দেখা দেয়। তৎকালীন জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে এক সভায়ও এই বিষয়টি আলোচিত হয় এবং জেলা মৎস্য কর্মকর্তাকে তিস্তার মাছের সংকট নিরসনে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছিল।
তিস্তানির্ভর বিপুল এই মৎস্যসম্পদ ও জেলেদের জীবিকা রক্ষায় উদ্যোগের বিষয়ে জানতে চাইলে জেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ জানান, দেশীয় মাছের প্রজাতি রক্ষা ও বংশবিস্তারে তিস্তা এবং ব্রহ্মপুত্র নদকে কেন্দ্র করে একটি বৃহৎ মৎস্য অভয়াশ্রম গড়ে তোলার লিখিত প্রস্তাব প্রস্তুত করা হচ্ছে।
বিভি/এজেড













মন্তব্য করুন: