• NEWS PORTAL

  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬

ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রতিমন্ত্রী টুকুর

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৬, ১০ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রতিমন্ত্রী টুকুর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নতুন করে ষড়যন্ত্র করতে পারে উল্লেখ করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, ফ্যাসিবাদীদের কোনো অনুশোচনা নেই। তারা ষড়যন্ত্র করতে পারে, তবে কোনোভাবেই সফল হতে পারবে না।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ২০২৪ সালে এতগুলো মানুষ হত্যা করে ছাত্র-জনতার প্রতিরোধের মুখে দেশ থেকে বিতাড়িত হয়েছে। অথচ তাদের কোনো অনুশোচনা নেই। তারা এখন নতুন করে ষড়যন্ত্র করতে পারে, কিন্তু কোনোভাবেই সফল হতে পারবে না। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পূজামণ্ডপ কমিটি যেভাবে সহযোগিতা চাইবে, বিএনপির নেতা-কর্মীরা সেভাবেই সহযোগিতা করবেন। পূজা নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

সভা শেষে টাঙ্গাইল শহরের যানজট নিয়ন্ত্রণ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, অটোরিকশার যানজট কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, তা নির্ধারণে প্রশাসন ও পৌর প্রশাসককে বিষয়টি মূল্যায়ন করতে বলা হয়েছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে শহরে কোনো অবৈধ যান চলতে না পারে। অতিরিক্ত লাইসেন্স দেওয়ার বিষয়টিও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, প্রাথমিকভাবে সকাল ও বিকেল- দুই শিফটে সবুজ ও লাল রঙের অটোরিকশা চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এর মাধ্যমে শহরের যানজট নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে।

টাঙ্গাইলের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, জেলায় একটি পাওয়ার স্টেশন রয়েছে, যা কিছুদিনের মধ্যে উদ্বোধন করা হবে। এতে জেলার বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় গ্রিডেও বিদ্যুৎ যুক্ত হবে।

সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল এবং পুলিশ সুপার শামছুল আলম সরকার।

এ সময় জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: