• NEWS PORTAL

  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬

জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলো বিগত সরকার: এস এম জিলানী

কোটালীপাড়া প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৯, ১০ অক্টোবর ২০২৬

আপডেট: ২২:১৯, ১০ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলো বিগত সরকার: এস এম জিলানী

বিগত সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল বলে মন্তব্য করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।

তিনি বলেন, গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল, তা সবারই জানা। বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে এ জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছিল, খাতায় শিক্ষার্থীরা না লিখলেও যেন তাদের পাস করিয়ে দেওয়া হয়। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর সেই অবস্থা থেকে বেরিয়ে এসেছে। সরকার শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

শনিবার (১০ অক্টোবর) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আরডিএ হলরুমে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে পঞ্চম শ্রেণির ১৬০ জন বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম জিলানী বলেন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষ পরিচালনার জন্য সরকার ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে। এ ছাড়া আগামীতে সারা দেশে ‘মিড ডে মিল’ কর্মসূচি চালু এবং শিক্ষার্থীদের পোশাক ও ব্যাগ দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

শিক্ষার গুণগত মান উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, এ লক্ষ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি নানা কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এসব উদ্যোগের পাশাপাশি কোটালীপাড়ায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে তিনি ব্যক্তিগত উদ্যোগেও কাজ করতে চান।

উপস্থিত শিক্ষকদের উদ্দেশে এস এম জিলানী বলেন, ‘আপনারা আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করুন। আপনাদের পরামর্শ নিয়ে শিক্ষাক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব।’

উপজেলা ছাত্রদলের সভাপতি লালন শেখের সভাপতিত্বে অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিলয় হাওলাদার মোস্তফা।

এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: