এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি, সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ
টানা সাত দিন ধরে মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে সরাসরি হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মাহমুদা আলম মিতু। ভারতীয় নম্বর থেকে ফোন ও মেসেজ দিয়ে তাকে এই হুমকি দেওয়া হচ্ছে। এমনকি ভারতীয় গ্যাংস্টার ‘লরেন্স বিষ্ণোই’-এর পরিচয়ে তাকে ভয় দেখানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে বাংলাভিশনের সঙ্গে মুঠোফোনে একান্ত আলাপকালে নিজের নিরাপত্তাহীনতার কথা বিস্তারিত তুলে ধরেন এই সংসদ সদস্য।
ডা. মাহমুদা মিতু জানান, গত কয়েকদিন ধরে বিভিন্ন নম্বর থেকে তার কাছে অনবরত কল আসছে, যার বেশিরভাগই ভারতীয় নম্বর। বিরক্ত হয়ে তিনি কল ধরা বন্ধ করে দিলে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া শুরু হয়। সবশেষ একটি মেসেজে সরাসরি হুমকি দিয়ে লেখা হয়েছে, ‘প্রিপেয়ার ফর আ হরিফিক ডেথ’ (Prepare for a horrific death)। যার বাংলা অর্থ দাঁড়ায়- ‘একটি ভয়াবহ মৃত্যুর জন্য প্রস্তুত হও’।
হুমকির পেছনে কাদের ইন্ধন থাকতে পারে? এমন প্রশ্নের জবাবে ডা. মিতু জানান, গত জুলাই-আগস্টের আন্দোলন এবং বিশেষ করে ধানমন্ডি ‘৩২-এর ঘটনার’ পর থেকে আওয়ামী লীগের চরম ক্ষোভ রয়েছে তাদের ওপর। তার নিজ এলাকা বরগুনার বেতাগীতে আওয়ামী লীগ বেশ সক্রিয় এবং সেখানে স্কুল তালাবদ্ধ করে রাখার মতো ঘটনাও ঘটেছে বলে জানান তিনি। নামমাত্র কয়েক হাজার টাকা দিয়ে যে কাউকে ভাড়া করে হামলা চালানো হতে পারে বলে গুরুতর আশঙ্কা প্রকাশ করেন এই নেত্রী।
হুমকির বিষয়ে এখনো থানায় সাধারণ ডায়েরি (জিডি) না করার কারণ হিসেবে তিনি জানান, তার এক স্বজন অপারেশন শেষে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় তিনি সেখানে আটকে আছেন। তবে শিগগিরই তিনি জিডি করে এর একটি কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবেন বলে বাংলাভিশনকে নিশ্চিত করেছেন।
নিরাপত্তার স্বার্থে জিডির পাশাপাশি ‘গানম্যান’ বা ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর জন্য আবেদন করবেন কি না? প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে ডা. মিতু জানান, অনেকেই তাকে গানম্যান নেওয়ার পরামর্শ দিচ্ছেন। তবে বর্তমানে তিনি অত্যন্ত কঠিন ও মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছেন উল্লেখ করে বলেন, জিডির কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর পর সরকার ও মন্ত্রণালয়ের ভূমিকা দেখে তিনি এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
সরকারের বর্তমান ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করে ডা. মিতু বলেন, সরকার তাদের নিরাপত্তার বিষয়ে তেমন কনসার্ন (উদ্বিগ্ন) নয়। তিনি আক্ষেপ করে বলেন, এনসিপির আরেক নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুন দেওয়ার পরও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কেউ তাকে একটি ফোন করে খোঁজ পর্যন্ত নেয়নি।
এর আগে, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে একপর্যায়ে আবেগপ্রবণ হয়ে মেজাজ হারান মাহমুদা মিতু। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি সেই ঘটনারও ব্যাখ্যা দেন। তিনি জানান, জুলাইয়ের সমন্বয়ক ও এমপি হান্নান মাসউদকে সংসদে বারবার ‘বস, বস’ ও ‘বেয়াদব’ বলায় তিনি ক্ষুব্ধ হয়েছিলেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “শত শত শহীদের রক্ত, আহতদের ত্যাগ, হান্নান মাসউদের মতো জুলাইয়ের সমন্বয়ক এবং নাহিদ ইসলামের মতো এক দফার ঘোষকের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে এই সংসদ। অথচ তাদের সঙ্গে যুক্তিতে না পেরে সংসদেই তুই-তুকারি, ‘বেয়াদব’ বলে অপমান করা হচ্ছে! কথায় না পারলেই বেয়াদব আখ্যা দেওয়া হয়।”
বাবা-মা ও নিজের নিরাপত্তা অনিশ্চিত রেখে রাজনীতি করার সাহস আঁতাত করে চলা লোকজন বুঝবে না উল্লেখ করে তিনি আরও লেখেন, “হান্নানকে যখন বারবার ‘বস, বস’, ‘বেয়াদব’ বলা হচ্ছিল, তখন চিৎকার করে বলছিলাম, হত্যার হুমকি, বাড়িতে আগুন তো আমাদের দেওয়া হয়। গত সাত দিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি। অথচ এসব বললেও হয়তো নুসরাতের ঘটনার মতোই বিষয়টিকে লঘু করার চেষ্টা হবে।”
নিজের ফেসবুক পোস্টের শেষে শহীদ ওসমান হাদির বক্তব্য স্মরণ করে এই সংসদ সদস্য লেখেন, “হাদি বলে গেছে, যতক্ষণ পর্যন্ত আমাদের ঘাড়ে-মাথায় গুলি না লাগবে, ততক্ষণ কারও গায়ে লাগবে না!”
উল্লেখ্য, পেশায় চিকিৎসক ডা. মাহমুদা আলম মিতু জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
বিভি/বিএস/এজেড













মন্তব্য করুন: