বিএনপি সরকার শিক্ষা ও শিক্ষক বান্ধব সরকার: আমান উল্লাহ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, বিএনপি সরকার শিক্ষা ও শিক্ষক বান্ধব সরকার। তাই শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রধিকার দিয়ে এবার বাজেটে সর্বাধিক বরাদ্দ এক লক্ষ ৩৬ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। ইতিপূর্বে বাংলাদেশের ইতিহাসে শিক্ষাক্ষেত্রে বাজেটে এ ধরনের বরাদ্দ দেওয়ার কোন নজির নেই।
এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকরাও এখন শতভাগ বেতন ভাতা পাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডনের আদলে প্রত্যেকটি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের জন্য ব্যাগ, জুতা, পোশাক দিচ্ছেন এবং তাদের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থাও করছেন। এতে শিক্ষা ব্যবস্থা অনেক এগিয়ে যাবে।
তিনি আজ দুপুরে কেরানীগঞ্জের হযরতপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজে নবীনবরণ, কৃতি শিক্ষার্থী ও কৃডু খেলোয়াড়দের সংবর্ধনা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
আমান উল্লাহ আমান আরো বলেন,যে আস্থা নিয়ে দেশের জনগণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভোট দিয়ে ছিলেন তিনি আজ সেই আস্থার প্রতিফলন ঘটাচ্ছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদান, মসজিদের ইমাম মুয়াজ্জিন,খাদেম ও ধর্মীয় পুরোহিতদের সম্মানী ভাতা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে যুবকদের খেলাধুলার জন্য সারাদেশে মাঠের ব্যবস্থা করছেন।
আমান বলেন, কেরানীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে আমি ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান করেছিলাম। কিন্তু ফ্যাসিস্টদের আমলে তারা পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের উপজেলায় ডেকে তাদের জোরপূর্বক স্বাক্ষর নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম পরিবর্তন করে। কিন্তু একমাত্র হযরতপুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজের নাম পরিবর্তন করতে পারেনি। গত ১৭ বছরে এই কলেজের কোন উন্নয়নই ফ্যাসিস্টরা করেনি। আগামীতে এই কলেজটিকে বিশ্ববিদ্যালয় কলেজে পরিণত করা হবে ইনশাল্লাহ।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজের গভর্নিং বডির সভাপতি ও ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুক।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাসান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজের প্রতিষ্ঠাতা কালীন অধ্যক্ষ মোঃ মতিউর রহমান, বর্তমান অধ্যক্ষ তালুকদার মো. নুরুল আলম, মো. খোরশেদ আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন্নাহারসহ অন্যান্যরা।
বিভি/এজি/এজেড













মন্তব্য করুন: