কিশোরগ্যাং, মাদক ও ছিনতাই আওয়ামী লীগ সরকারের উত্তরাধিকার: প্রতিমন্ত্রী শরীফুল
কিশোরগ্যাং, মাদক ও ছিনতাই, এসব অপরাধ আওয়ামী লীগ সরকারের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেন, অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এমনকি নিজ দলের কেউ জড়িত থাকলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার দুপুরে কিশোরগঞ্জ সদর মডেল থানায় সিসি ক্যামেরা ও সার্ভার স্টেশন স্থাপন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ বছর অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হয়েছে। বর্তমান সরকার মাদক, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অপরাধ দমনে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি।
কিশোরগঞ্জ শহরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের উদ্যোগে স্থাপন করা হচ্ছে ২৫০টি অত্যাধুনিক সিসি ক্যামেরা। এরই মধ্যে বসানো হয়েছে ৭৪টি। সদর মডেল থানায় স্থাপন করা হয়েছে সার্ভার স্টেশন। প্রকল্পটি বাস্তবায়িত হলে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো সার্বক্ষণিক নজরদারির আওতায় আসবে বলে আশা করছে পুলিশ।
এ সময় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
বিভি/এনকে/এজেড













মন্তব্য করুন: