• NEWS PORTAL

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬

বিএনপির মিছিলে নিষিদ্ধ যুবলীগের হামলা, আহত ৫

প্রকাশিত: ২২:৪৯, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বিএনপির মিছিলে নিষিদ্ধ যুবলীগের হামলা, আহত ৫

চট্টগ্রামের ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া এবং অন্তত ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। হামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি কিপাইতনগর এলাকার শাহী মোহাম্মদ চৌধুরী বাড়ি মসজিদের সামনে পৌঁছালে ওত পেতে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালান। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীদের তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং আরও ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। হামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচজন নেতা-কর্মী আহত হন।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ ও এসআরবি-৭-এর সদস্যরা অবস্থান করছেন।

বিভি/চট্টগ্রাম/পিএইচ

মন্তব্য করুন: