আওয়ামী লীগ রাজনৈতিক সংগঠন নয়, সন্ত্রাসী গোষ্ঠী: ইশরাক হোসেন
রাজনীতি সচল ও স্থিতিশীল না থাকলে ব্যবসা-বাণিজ্য এবং অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, রাজনীতি ভালো থাকলে ব্যবসা ভালো থাকবে, ব্যবসায়ী ও কর্মচারীরা ভালো থাকবেন এবং অর্থনীতির চাকা সচল থাকবে।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনের জোনাকি কনভেনশন হলে বাংলাদেশ হার্ডওয়্যার অ্যান্ড মেশিনারিজ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের ৫২তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত সামাজিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইশরাক হোসেন বলেন, ‘আজকে আমরা একটি অরাজনৈতিক ও ব্যবসায়িক অনুষ্ঠানে এলেও ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে কোনো কিছুই রাজনীতির ঊর্ধ্বে।’
তিনি বলেন, ‘অর্থনৈতিক কর্মকাণ্ডেরই ঘনীভূত রূপ হচ্ছে বাংলাদেশের রাজনীতি। রাজনীতি ভালো থাকলে ব্যবসা ভালো থাকবে, ব্যবসায়ী ও কর্মচারীরা ভালো থাকবেন এবং অর্থনীতির চাকা সচল থাকবে।’
গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি এবং সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রসঙ্গ টেনে ইশরাক হোসেন বলেন, সে সময় তাৎক্ষণিক কঠোর বলপ্রয়োগ করা হলে হতাহতের ঘটনা ঘটতে পারতো। এতে আন্তর্জাতিক অঙ্গনে ভুল বার্তা যেত এবং দেশে-বিদেশে উসকানির সুযোগ তৈরি হতো।

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের প্রসঙ্গ এবং জাতীয় সংসদের সাম্প্রতিক অধিবেশনের আলোচনা তুলে ধরে ইশরাক হোসেন দাবি করেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে সংসদ সদস্যরা সমর্থন জানিয়েছেন যে দলটি এখন আর রাজনৈতিক সংগঠন নয়, বরং একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে। তিনি বলেন, ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে- যা আন্তর্জাতিকভাবেও এখন স্বীকৃত।’
২০২৪ সালের গণ-অভ্যুত্থান ও এর আগের সময়ের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ধরে তিনি বলেন, গুম, খুন, নির্বিচারে গুলি ও প্রাণহানির ঘটনাগুলো যেন কেউ ভুলে না যায়, সে জন্য বাস্তব চিত্র সামনে আসা জরুরি।
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘মাত্র এক মাসেরও কম সময়ে দেড় হাজারের অধিক মানুষকে যারা হত্যা করেছে, শিশু থেকে শুরু করে বৃদ্ধা—হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে যারা গণহত্যা চালিয়েছে, তাদের বিচার কি হবে না? অবশ্যই বাংলাদেশের মাটিতে এই বিচার হতে হবে।’
ব্যবসায়ীদের উদ্দেশে ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য বলেন, ৫ আগস্টের পর রাত জেগে পাহারা দেওয়ার মতো পরিস্থিতির পুনরাবৃত্তি আর কাম্য নয়। একটি গণতান্ত্রিক পরিবেশে মানুষ নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য করবে এবং ভোটাধিকার প্রয়োগ করবে- এটাই সবার প্রত্যাশা।
একই সঙ্গে তিনি স্বীকার করেন, ১৮ কোটি মানুষের দেশ পরিচালনায় বা বড় রাজনৈতিক দল হিসেবে চলার পথে কিছু ভুলভ্রান্তি ও সীমাবদ্ধতা থাকতে পারে। তবে বর্তমানে সমালোচনা করার এবং ভুল ধরিয়ে দেওয়ার পরিবেশ রয়েছে।
মেশিনারিজ ও হ্যান্ড টুলস আমদানির মাধ্যমে ক্ষুদ্র পরিসরে হলেও দেশের যান্ত্রিকীকরণের (মেকানাইজেশন) দিকে অগ্রসর হওয়ার প্রশংসা করেন ইশরাক হোসেন। তিনি বলেন, ভবিষ্যতে দেশকে চতুর্থ শিল্পবিপ্লব, স্যাটেলাইট ও পদ্মা ব্যারেজের মতো বড় উন্নয়নের দিকে নিয়ে যেতে হলে সন্ত্রাসী গোষ্ঠী ও তাদের অর্থনৈতিক মদদদাতাদের প্রতিহত করতে হবে।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা যদি রাজনীতি করতে চায়, তবে আসুক এবং আদালতে বিচারের মুখোমুখি হোক। আদালতই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করে দিক।’
নিজেকে এলাকার নির্বাচিত সংসদ সদস্য হিসেবে উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, এটি তার জীবনের প্রথম নির্বাচন এবং জনগণের ভোটে নির্বাচিত হওয়া তার জীবনের অন্যতম বড় প্রাপ্তি।
এলাকাকে বাসযোগ্য করে তুলতে মাদক, সন্ত্রাস ও দখলদারদের বিরুদ্ধে পর্যায়ক্রমে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে কাজ শুরু করেছি; পর্যায়ক্রমে সন্ত্রাস ও দখলদারদের বিরুদ্ধেও কাজ করব। সে ক্ষেত্রে যে ধরনের পরিস্থিতিই আসুক না কেন, কোনো বিতর্কের জন্ম না দিয়ে সঠিকভাবে তা মোকাবিলা করে এই অঞ্চলকে অবশ্যই একটি বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলব।’
বিভি/টিআর/পিএইচ













মন্তব্য করুন: