রাঙামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ মধু পূর্ণিমা উদযাপন
রাঙামাটিতে ধর্মীয় আচার ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ মধু পূর্ণিমা। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজ বনবিহারে সকাল থেকে অনুষ্ঠিত অনুষ্ঠানে অংশ নেন শতশত বৌদ্ধ নারী ও পুরুষ।
অনুষ্ঠানে অষ্টপরিষ্কার দান, বুদ্ধ মূর্তি দান, মধু দান ও বুদ্ধ পূজা, সংঘদান ও ধর্মীয় দেশনার আয়োজন করা হয়। এছাড়াও পঞ্চশীল গ্রহণের মাধ্যমে ধর্মীয় প্রার্থনা ও আচার অনুষ্ঠান সম্পন্ন করা হয়। রাজ বনবিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির ধর্ম দেশনা দেন।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে মধু পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ভিক্ষুসংঘের ত্রৈমাসিক বর্ষাব্রতের দ্বিতীয় পূর্ণিমা তিথি এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান হিসেবে পরিচিত। ভাদ্র মাসের পূর্ণিমার তিথিতে অনুষ্ঠিত হওয়ায় এটি ভাদ্র পূর্ণিমা নামেও পরিচিত।
উল্লেখ্য, বহু বছর আগে পূর্ণিমা তিথিতে একটি বুনোহাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে ও একটি বানর মৌচাকের মধু নিয়ে তপস্যারত বুদ্ধকে দান করেছিল। এই ঘটনাকে স্মরণ করেই প্রতি বছর মধু পূর্ণিমা উদযাপন করা হয়। বৌদ্ধ ধর্মাবলম্বীরা দেশ, জাতি ও সকলের মঙ্গল কামনায় প্রার্থনা করেন এবং নানাবিধ দানানুষ্ঠান সম্পন্ন করেন।
বিভি/এজেড













মন্তব্য করুন: