• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

প্রখ্যাত আলেম মাওলানা সাঈদুর রহমান আজমি নদভী আর নেই

প্রকাশিত: ২৩:২৫, ৭ অক্টোবর ২০২৬

আপডেট: ২৩:২৬, ৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
প্রখ্যাত আলেম মাওলানা সাঈদুর রহমান আজমি নদভী আর নেই

ছবি: মাওলানা ড. সাঈদুর রহমান আজমি নদভী

ভারতের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, আরবি ভাষাবিদ ও শিক্ষাবিদ মাওলানা ড. সাঈদুর রহমান আজমি নদভী মারা গেছেন। বুধবার (৭ অক্টোবর) লখনৌতে দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৯২ বছর বয়সে তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

মাওলানা আজমি নদভী দীর্ঘদিন ভারতের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম নদওয়াতুল উলামার প্রধান (মুহতামিম) হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৩ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি প্রতিষ্ঠানটির আরবি ভাষা ও সাহিত্য অনুষদের ডিন ছিলেন। ২০০০ সালে মুহতামিম হিসেবে দায়িত্ব নেন এবং কয়েক বছর এ পদে ছিলেন।

আরবি ভাষা ও সাহিত্যের পাশাপাশি শিক্ষা, গবেষণা ও সাংবাদিকতায়ও তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। আন্তর্জাতিকভাবে পরিচিত আরবি সাময়িকী ‘আল-বাআস আল-ইসলামি’র প্রধান সম্পাদক হিসেবে তিনি কয়েক দশক দায়িত্ব পালন করেন। আরবি ভাষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৪ সালে ভারত সরকার তাকে রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত করে।

১৯৩৪ সালের ১৪ মে উত্তরপ্রদেশের আজমগড়ে জন্ম নেওয়া মাওলানা আজমি নদভী প্রাথমিক ও ধর্মীয় শিক্ষা নেন জামিয়া মিফতাহুল উলুমে। পরে দারুল উলুম নদওয়াতুল উলামায় আরবি সাহিত্য অধ্যয়ন করেন। উচ্চশিক্ষার জন্য তিনি বাগদাদে যান এবং প্রখ্যাত আলেম ও সাহিত্যিক তকিউদ্দিন হিলালি মারাকাশির কাছে পড়াশোনা করেন।

তার মৃত্যুতে ভারতসহ বিভিন্ন দেশের আলেম, শিক্ষক, শিক্ষার্থী ও বুদ্ধিজীবীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সূত্র: হিন্দুস্তান টাইমস্

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত