জুমার দিনের যে ৫ আমল থেকে বঞ্চিত হচ্ছেন অনেক মুসলমান!
ছবি: সংগৃহীত
সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার। মুসলমানদের কাছে দিনটির রয়েছে বিশেষ মর্যাদা ও ফজিলত। শুধু জুমার নামাজ আদায়ই নয়, এদিন রয়েছে এমন কিছু আমল, যেগুলোর প্রতিটির সঙ্গে জড়িয়ে আছে বিশেষ সওয়াব। অথচ ব্যস্ততা কিংবা অজ্ঞতায় অনেক মুসলমানই পালন করছেন না এসব সুন্নাহ। কী সেই পাঁচটি আমল যার রয়েছে বিশেষ মর্যাদা ও ফজিলত।
জুমার দিনের শুরুতেই গুরুত্ব দিতে হবে পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি। গোসল করা, মিসওয়াক করা, সামর্থ্য অনুযায়ী সুগন্ধি ব্যবহার এবং সুন্দর পোশাক পরিধান করা জুমার দিনের গুরুত্বপূর্ণ সুন্নাহ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার দিন গোসলের ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়েছেন। সহিহ বুখারি ও মুসলিমে এ বিষয়ে একাধিক হাদিস বর্ণিত হয়েছে।
দ্বিতীয় আমল, জুমার নামাজের জন্য আগে আগে মসজিদে যাওয়া। অনেকেই আজান হওয়ার পর মসজিদে যান। অথচ হাদিসে আগে মসজিদে যাওয়ার বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানিয়েছেন, যে ব্যক্তি প্রথম সময়ে মসজিদে যায়, সে যেন একটি উট কোরবানি করল। এরপর পর্যায়ক্রমে গরু, দুম্বা, মুরগি ও ডিম দান করার সঙ্গে তুলনা করেছেন। (সহিহ বুখারি: ৮৮১)
তৃতীয় আমল, মনোযোগ দিয়ে খুতবা শোনা। অনেককে দেখা যায়, খুতবা চলাকালে কথা বলেন, মোবাইল ফোন ব্যবহার করেন কিংবা পাশের মুসল্লির সঙ্গে গল্প করেন। অথচ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, জুমার দিন ইমাম খুতবা দেওয়ার সময় কেউ যদি তার সঙ্গীকে চুপ করতে বলে, সেও অনর্থক কাজ করল। অর্থাৎ খুতবার সময় সম্পূর্ণ মনোযোগী থাকা জরুরি। (সহিহ বুখারি: ৯৩৪)
চতুর্থ আমল, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ। জুমার দিনের বিশেষ এই আমলের কথা উল্লেখ করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা জুমার দিন আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করো। কারণ, তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়। (সুনানে আবু দাউদ: ১০৪৭)
পঞ্চম আমল, দোয়া কবুলের বিশেষ সময় অনুসন্ধান করা। হাদিসে এসেছে, জুমার দিনে এমন একটি সময় রয়েছে, যখন কোনো মুসলিম আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাকে তা দান করেন। এ সময়টি কখন, তা নিয়ে আলেমদের মধ্যে একাধিক মত রয়েছে। তবে আসরের পর থেকে সূর্যাস্তের আগের সময়টিকে অনেক আলেম বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাই এদিন বেশি বেশি দোয়া ও ইস্তিগফার করা উচিত। (সহিহ বুখারি: ৯৩৫; সহিহ মুসলিম: ৮৫২)
জুমার দিন কেবল সাপ্তাহিক নামাজের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি মুসলমানদের জন্য ইবাদত ও আত্মশুদ্ধির বিশেষ সুযোগ। তাই শুধু জুমার নামাজ আদায় করেই দায়িত্ব শেষ না করে, দিনটির সুন্নাহ ও বিশেষ আমলগুলো পালনের অভ্যাস গড়ে তোলার আহ্বান ইসলামের।
বিভি/এনএইচ













মন্তব্য করুন: