• NEWS PORTAL

  • শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ট্রাফিক জরিমানা এড়াতে পুলিশকে ঘুষ দেওয়া কি জায়েজ?

প্রকাশিত: ১২:০৫, ১৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ট্রাফিক জরিমানা এড়াতে পুলিশকে ঘুষ দেওয়া কি জায়েজ?

ছবি: সংগৃহীত

ট্রাফিক আইন অমান্য করায় পুলিশ মামলা বা জরিমানা করতে চাইলে তা এড়াতে অনেকেই বিকল্প পথ খোঁজেন। কেউ কেউ নির্ধারিত জরিমানার চেয়ে কম টাকা দিয়ে পুলিশের সঙ্গে আপস করার চেষ্টা করেন। যেমন, ১০ হাজার টাকার জরিমানা এড়াতে পুলিশকে ২ হাজার টাকা দেওয়া। কিন্তু ইসলামের দৃষ্টিতে এ ধরনের লেনদেনের বিধান কী?

ইসলামি শরিয়তের দৃষ্টিতে, আইনগতভাবে প্রাপ্য জরিমানা বা মামলার শাস্তি থেকে বাঁচতে পুলিশকে ব্যক্তিগতভাবে টাকা দেওয়া জায়েজ নয়। এটি ঘুষের অন্তর্ভুক্ত। ইসলামে ঘুষ দেওয়া ও নেওয়া উভয়ই কঠোরভাবে নিষিদ্ধ।
এ প্রসঙ্গে হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ঘুষদাতা ও ঘুষগ্রহীতার ওপর অভিশাপ করেছেন।

হাদিসে এসেছে,
لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الرَّاشِي وَالْمُرْتَشِي
অর্থ: ‘রাসুলুল্লাহ (সা.) ঘুষদাতা ও ঘুষগ্রহীতার ওপর লানত করেছেন।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৩৫৮০)।

অন্য এক হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
الرَّاشِي وَالْمُرْتَشِي فِي النَّارِ
অর্থ: ‘ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়ই জাহান্নামে যাবে।’ (আল-মুজামুল আওসাত, হাদিস: ৬৭৫০)।

পবিত্র কোরআনেও অন্যায়ভাবে মানুষের সম্পদ ভোগ এবং অসৎ উদ্দেশ্যে বিচারক বা কর্তৃপক্ষের কাছে অর্থ পৌঁছে দেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা এসেছে। আল্লাহ তাআলা বলেন,

وَلَا تَاۡکُلُوۡۤا اَمۡوَالَکُمۡ بَیۡنَکُمۡ بِالۡبَاطِلِ وَتُدۡلُوۡا بِہَاۤ اِلَی الۡحُکَّامِ لِتَاۡکُلُوۡا فَرِیۡقًا مِّنۡ اَمۡوَالِ النَّاسِ بِالۡاِثْمِ وَاَنۡتُمۡ تَعۡلَمُوۡنَ

অর্থ: ‘তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না এবং মানুষের সম্পদের কোনো অংশ জেনে-শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে তা বিচারকদের কাছে পেশ করো না।’ (সুরা আল-বাকারা, আয়াত: ১৮৮)।

মুফাসসিরগণ এ আয়াতের ব্যাখ্যায় শাসক, বিচারক ও কর্তৃপক্ষকে অন্যায়ভাবে অর্থ দেওয়ার বিষয়টিও উল্লেখ করেছেন।

সুতরাং, ট্রাফিক আইন অমান্য করার কারণে পুলিশ ১০ হাজার টাকার মামলা দিতে চাইলে তা এড়াতে ব্যক্তিগতভাবে ২ হাজার টাকা দেওয়া শরিয়তের দৃষ্টিতে বৈধ নয়। ঘুষের মাধ্যমে আইনগত দায় এড়ানোর চেষ্টা থেকে বিরত থাকা জরুরি। এ ক্ষেত্রে আইনসম্মত প্রক্রিয়ায় জরিমানা বা মামলার বিষয়টি নিষ্পত্তি করাই উচিত।

বিভি/এনএইচ

মন্তব্য করুন: