• NEWS PORTAL

  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মাস্টার্সের ইনকোর্স দিয়ে ফেরা হলো না আর, সড়কেই মা-মেয়ের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৭, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মাস্টার্সের ইনকোর্স দিয়ে ফেরা হলো না আর, সড়কেই মা-মেয়ের মৃত্যু

মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী ও তার ১০ মাস বয়সী মেয়ে নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে টেপড়া বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সনিয়া (২৬) ও তার ১০ মাস বয়সী মেয়ে জান্নাত। সনিয়া শিবালয় উপজেলার জাফরগঞ্জ পয়লা গ্রামের আরফান আলী শেখের মেয়ে। তার স্বামী মো. আবুল হোসেন টাঙ্গাইল জেলা কারাগারের কারারক্ষী। তিনি দৌলতপুর উপজেলার খলসী গ্রামের বাসিন্দা। সনিয়া মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।

আবুল হোসেন জানান, তিনি সাত দিনের ছুটিতে স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে এসেছিলেন। স্ত্রীর মাস্টার্সের ইনকোর্স পরীক্ষা শেষ হওয়ায় শনিবার সকালে পরিবার নিয়ে মোটরসাইকেলে কর্মস্থল টাঙ্গাইলের উদ্দেশে রওনা হন।

তিনি বলেন, টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে উল্টো পথে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। বাসটি উল্টো পথে আসায় ভয় পেয়ে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় তার কোলে থাকা শিশুসহ স্ত্রীও পড়ে গিয়ে গুরুতর আহত হন।

পরে আহত দুজনকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সনিয়াকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় পরে মারা যায় তার ১০ মাস বয়সী মেয়ে জান্নাতও।

আবুল হোসেন বলেন, “বাসটি উল্টো পথে না এলে আজ স্ত্রী ও মেয়েকে হারাতে হতো না। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত গোল্ডেন লাইন পরিবহনের বাসটি উথলী এলাকা থেকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত