• NEWS PORTAL

  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সিএনজিচালিত অটোরিকশা রক্ষা করতে গিয়ে উল্টে গেল বাস, আহত ৩০

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪০, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৮:৪১, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সিএনজিচালিত অটোরিকশা রক্ষা করতে গিয়ে উল্টে গেল বাস, আহত ৩০

কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা রক্ষা করতে গিয়ে তিশা প্লাটিনাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমজাদের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, তিশা প্লাটিনাম পরিবহনের বাসটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সামনে থাকা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে বাঁচাতে চালক হঠাৎ ব্রেক করেন। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এ সময় বাসে থাকা অন্তত ৩০ যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতর থেকে আহত যাত্রীদের উদ্ধার করেন। পরে গুরুতর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায় এবং যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়।

বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুহুল আমিন বলেন, সিএনজিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে বাসটি হঠাৎ ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গুরুতর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ ও আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত