আইনজীবী পেশায় সততা ও শৃঙ্খলার বিকল্প নেই: প্রতিমন্ত্রী মীর হেলাল
আইনজীবী পেশায় সফল হতে সততা, নিয়মিত পড়াশোনা ও শৃঙ্খলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, ভালো আইনজীবী হতে হলে সিনিয়র আইনজীবীদের অনুসরণ করে পেশাগত দক্ষতা অর্জন করতে হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আয়োজিত নবীন আইনজীবীদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নবীন আইনজীবীরা আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আইনজীবীদের চেম্বার-সংক্রান্ত সমস্যা সমাধানে নতুন ভবন নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, আইন পেশা শুধু জীবিকা নির্বাহের মাধ্যম নয়, বরং ন্যায় ও সত্য প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আইনজীবীদের সততা, দক্ষতা ও দায়িত্বশীলতা বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা সুদৃঢ় করতে সহায়তা করে।
অনুষ্ঠানে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরীসহ আইনজীবী নেতারা বক্তব্য দেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: