শিক্ষার বরাদ্দে দুর্নীতি হলে কোনো আপস নয়: এমপি দীপেন দেওয়ান
পার্বত্যাঞ্চলের শিক্ষাব্যবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং এ জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন রাঙামাটির সংসদ সদস্য ও সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেন, শিক্ষার ক্ষেত্রে পার্বত্য অঞ্চল অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক পিছিয়ে। তাই বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে এ অঞ্চলের শিক্ষার উন্নয়ন করতে হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাঙামাটিতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাঙামাটি শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ জেলা শাখা এ আলোচনা সভা, সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
দীপেন দেওয়ান বলেন, ‘অতীতের সরকার শিক্ষার বরাদ্দের নামে লুটপাট করেছে। শিক্ষার উন্নয়নে যাতে কোনো ধরনের দুর্নীতি না হয়, সে বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করব। এ ক্ষেত্রে কোনো আপস করা হবে না। শিক্ষার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা থাকবে।’
সৃজনশীল শিক্ষার প্রসারে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের নেওয়া উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী, শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের সাবেক কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যক্ষ মো. আখতার হোসেন চৌধুরী, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের পরিচালক ইয়াছিন রানা সোহেল, শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের পরিচালক সৈয়দ মোহাম্মদ খোবাইব, উপদেষ্টা মাওলানা আনোয়ারুল মোস্তফা হেজাজী ও রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির আলম প্রমুখ। আলোচনা সভা শেষে শতাধিক শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ, সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: