সংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন করা যাবে না: প্রতিমন্ত্রী আব্দুল বারী
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি বলেছেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। তবে এর জন্য সংবিধান সংশোধন প্রয়োজন। সংবিধান সংশোধন না করলে জুলাই সনদ বাস্তবায়ন করা সম্ভব নয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংশোধনের জন্য সংসদে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে বিরোধী দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বিরোধী দলের নেতাদের কমিটিতে এসে নিজেদের বক্তব্য তুলে ধরার আহ্বান জানান।
তিনি বলেন, ‘সরকার দৃঢ়প্রতিজ্ঞ। সংবিধান সংশোধন করে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে এ দেশে ফ্যাসিস্টদের আবির্ভাব যেন চিরতরে বন্ধ হয়, সে লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।’
একটি গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে আব্দুল বারী বলেন, ‘বিরোধী দলকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আসুন সংবিধান সংশোধনের কমিটিতে। সেখানে আপনাদের বক্তব্য দিন এবং জুলাই সনদ বাস্তবায়ন করে শহীদদের চাওয়ার প্রতি সম্মান জানান।’
এর আগে প্রতিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। পরে তিনি আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয়সংক্রান্ত সভায় অংশ নেন।
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: