ডেঙ্গু প্রতিরোধে বিশেষ সাতক্ষীরায় অভিযান; র্যালি ও লিফলেট বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সাতক্ষীরায় র্যালি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর আওতায় এ কর্মসূচি পালন করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে শহরের ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন এবং পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী আলী হায়দার, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আক্তার হোসেন তালুকদার, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপসহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, স্যানিটারি ইন্সপেক্টর রবিউল আলম প্রমুখ। এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।
র্যালি শেষে জেলা প্রশাসক কাউসার আজিজের উপস্থিতিতে পৌরসভার সহযোগিতায় রেড ক্রিসেন্ট, বিডি ক্লিন ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা শহরের বিভিন্ন ড্রেন ও ড্রেনেজ ব্যবস্থার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। একই সঙ্গে পথচারী, সাধারণ নাগরিক ও যানবাহন চালকদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সংবলিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ। এডিস মশার বংশবৃদ্ধি রোধে নিজ নিজ আঙিনা ও আশপাশ সবসময় পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, ‘আমাদের সম্মিলিত সচেতনতাই পারে সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে।’
বিভি/পিএইচ













মন্তব্য করুন: