‘তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র’
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি। সমাবেশে বিএনপির নেতারা তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ফেনী প্রেসক্লাবের সামনে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুলের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহাবুবুর রহমান শামীম।
পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী ও গাজী হাবিবুল্লাহ মানিক, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, জেলা যুবদলের সদস্যসচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তপন কর এবং জেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন জসিম।
প্রধান অতিথির বক্তব্যে মাহাবুবুর রহমান শামীম বলেন, ‘বাংলাদেশের জনগণ চায় শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসি দেওয়া হোক।’ তিনি অভিযোগ করেন, বর্তমানে বাংলাদেশের বিরুদ্ধে একটি সংগঠন নানা ষড়যন্ত্র করছে। তাঁর ভাষায়, ‘তারা হলো গুপ্ত সংগঠন।’
তিনি আরও বলেন, একাত্তরের পরাজিত শক্তি হিসেবে পরিচিত ‘গুপ্তরা’ এখন তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে।
তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামীতে যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থী হবেন, তাদের এখন থেকেই কাজ শুরু করতে হবে। বিগত সময়ে শেখ হাসিনা সরকারের বিরোধী আন্দোলন ও সংগ্রামে যারা সক্রিয় ছিলেন, দল তাদের মূল্যায়ন করবে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: