জুয়েলার্সে দুঃসাহসিক চুরি, খোয়া গেলো ২৩ লাখ টাকার গহনা!
সাতক্ষীরার তালা বাজারের রত্না জুয়েলার্সে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে দোকানের পেছনের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে চোরেরা স্বর্ণ ও রুপার অলংকারসহ প্রায় ২৩ লাখ ৪ হাজার টাকার মালামাল নিয়ে গেছে বলে দাবি করেছেন দোকান মালিক উত্তম কুমার সিংহ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে দোকান খুলে ভেতরে ঢুকে পেছনের দেয়াল ভাঙা দেখতে পান তিনি। পরে চুরির বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
দোকান মালিক উত্তম কুমার সিংহ জানান, সকালে দোকান খোলার পর ভেতরে গিয়ে তিনি পেছনের দেয়াল ভাঙা দেখতে পান। চোরেরা ওই দেয়াল দিয়ে দোকানে প্রবেশ করে বিভিন্ন স্বর্ণ ও রুপার অলংকার নিয়ে গেছে বলে তিনি দাবি করেন।
দোকান মালিকের দেওয়া হিসাব অনুযায়ী, চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে ২১ ক্যারেটের ১২৪টি নাকফুল, যার আনুমানিক মূল্য ৬ লাখ ২০ হাজার টাকা। এছাড়া ১৫টি আংটির মূল্য প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা এবং ৫০ ভরির বেশি রুপার মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।
এ ছাড়া রুলি, হাতের বালা ও রুপার চেইনসহ দেড় ভরি ওজনের একটি হার ও এক জোড়া দুল রয়েছে, যার আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা। পাশাপাশি ৬ আনা ওজনের একটি আংটির মূল্য প্রায় ৮৪ হাজার টাকা বলে জানিয়েছেন তিনি।
সব মিলিয়ে চুরি যাওয়া স্বর্ণ ও রুপার অলংকারের আনুমানিক মূল্য ২৩ লাখ ৪ হাজার টাকা বলে দাবি করেছেন দোকান মালিক।
তালা বাজার বণিক সমিতির সভাপতি এস. এম. নুরুল ইসলাম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশও ঘটনাটি তদন্ত করছে বলে জানান তিনি। তবে চুরি যাওয়া মালামালের পরিমাণ ও আর্থিক মূল্য এখনো পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কার সিদ্দীক জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: